ফরিদপুর, ফেব্রুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফরিদপুরে শিশু ধর্ষণের মামলায় এক যুবককে আট বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মো. শহীদুল্লাহ বাকাউল মঙ্গলবার দুপুরে এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত যুবক ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের বাইখির গ্রামের ওসমান শেখকে (২৭) সাজা ভোগের পাশাপাশি জরিমানার দশ হাজার টাকা পরিশোধ করতে হবে।
মামলার বিবরণে জানা যায়, ২০০৭ সালের ৭ সেপ্টেম্বর দুপুরে ওই গ্রামের ৯ বছরের এক শিশু জমিতে ছাগল নিয়ে গেলে ওসমান শেখ তাকে আখ ক্ষেতে নিয়ে ধর্ষণ করে। ওই দিনই বোয়ালমারী থানায় ওই শিশুটির মা বাদী হয়ে ধর্ষণের মামলা করেন।
রায় ঘোষণার সময় আসামি ওসমান শেখ আদালতে উপস্থিত ছিলেন। তাকে আদালত থেকে ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির পক্ষে শামসুন্নাহার নাঈম বাদীর পক্ষে মামলাটি পরিচালনা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/২০১১ ঘ.
bdnews24