২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অধিকারের প্রশ্নে আপস নেই: দীপু মনি

আন্তর্জাতিক সমুদ্র সীমা নিয়ে ভারত ও মিয়ানমারের সঙ্গে বিরোধের মধ্যে বিরোধী দলের সমালোচনার জবাবে পররাষ্ট্রমন্ত্রী এই কথা বললেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2012, 01:42 PM

Updated : 24 Aug 2022, 10:52 AM

ঢাকা, ফেব্রুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতিবেশীদের সঙ্গে ভালো সম্পর্ক রাখলেও নায্য অধিকার রক্ষায় কোনো ধরনের ছাড় সরকার দিচ্ছে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। আন্তর্জাতিক সমুদ্রসীমা নিয়ে ভারত ও মিয়ানমারের সঙ্গে বিরোধের প্রেক্ষাপটে বিরোধী দলের বক্তব্যে জবাবে মঙ্গলবার এক সেমিনারে তিনি একথা জানান। পররাষ্ট্রমন্ত্রী বলেন, “বিরোধী দল অনেক কথাই বলে, তবে আমরা ন্যায্য দাবি আদায়ে আইনি পথ বেছে নিতেও দ্বিধা বোধ করিনি। আর আমাদের পররাষ্ট্র নীতি দুর্বল, এমনটাও নয়।” সমুদ্র সীমা নিয়ে বাংলাদেশ ও মিয়ানমারের বিরোধ এখন ‘ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য লজ অফ দ্য সি’তে রয়েছে। আগামী ১৪ মার্চ এর রায় হওয়ার কথা রয়েছে। প্রধান বিরোধী দল বিএনপি অভিযোগ করে আসছে, সরকার নতজানু পররাষ্ট্র নীতি অনুসরণ করছে। ভারতের দিকে ইঙ্গিত করেই তাদের এই বক্তব্য। বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্রাটেজিক স্টাডিজ মিলনায়তনের ওই সেমিনারে দীপু মনি বলেন, মিয়ানমারের সঙ্গে সমুদ্র সীমার বিরোধের ক্ষেত্রে বাংলাদেশ ন্যায্য বিচার চায়। “প্রতিবেশীদের সঙ্গে এই বিষয় নিয়ে আমরা ৩৫ বছর ধরে সমঝোতার চেষ্টা চালিয়ে আসছিলাম। তবে জনগণের অধিকার রক্ষায় দ্রুত সমাধানের লক্ষ্যে আমরা বিকল্প পথ ধরেছি,” বলেন তিনি। মিয়ানমারের পর ভারতের সঙ্গে সমুদ্র সীমা নিয়ে বিরোধের রায় ২০১৪ সালে হবে বলে পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন। সমুদ্র সীমার ভাগবণ্টনের বিষয়ে বাংলাদেশ ন্যায্যতাভিত্তিক পদ্ধতি চায় বলে জানান তিনি। সেমিনারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খুরশিদ আলম বলেন, বাংলাদেশ শুধু সমুদ্র সীমার অধিকার রক্ষায়ই তৎপর নয়, সাগরের সম্পদ আহরণেও সক্রিয়। এক্ষেত্রে সমুদ্র নিয়ে গবেষণার গুরুত্ব তুলে ধরার পাশাপাশি দেশের কোনো বিশ্ববিদ্যালয়ে এই বিষয়ক কোনো বিভাগ না থাকা নিয়ে হতাশাও প্রকাশ করেন তিনি। তবে খুরশিদ জানান, এই বিষয় যোগ করতে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয় যোগাযোগ করেছে এবং ঢাকা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিভাগ খুলতে রাজি হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এমআই/১৯৩৩ ঘ.