ঢাকা, ফেব্রুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের তদন্তে সরকারের পদক্ষেপ যথাযথ বলে মনে করেছে উচ্চ আদালত।
খুনিদের গ্রেপ্তারে পুলিশের ব্যর্থতা নিয়ে একটি রিট আবেদনে মঙ্গলবার আদালত বলেছে, হত্যাকাণ্ড তদন্তে ভুল বা অবহেলা দেখা যায়নি। কিছু সংখ্যক রাজনীতিক তদন্তকে বাধাগ্রস্ত করতে দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করছেন।
ওই রিট আবেদনের পরিপ্রেক্ষিতে তথ্যসচিব ও পুলিশের প্রতি দুটি নির্দেশও দিয়েছে বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের হাই কোর্ট বেঞ্চ।
তদন্তে সুনির্দিষ্ট অগ্রগতি ছাড়া প্রিন্ট ও ইলেকট্রনিক মাধ্যমে কোনো বক্তব্য না দিতে পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে।
এই হত্যাকাণ্ড নিয়ে মনগড়া সংবাদ প্রকাশ না করতে ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নিতে তথ্য সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে।
একইসঙ্গে এই হত্যাকাণ্ডের কারণ উদঘাটন এবং যথাযথ আইনি প্রক্রিয়ায় খুনিদেরকে বিচারের আওতায় আনার নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত।
স্বরাষ্ট্র সচিব, তথ্য সচিব, পুলিশের মহাপরিদর্শক, র্যাবের মহাপরিচালক, ডিবির উপকমিশনার (দক্ষিণ) ও শেরেবাংলা থানার ওসিকে দুই সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
গত ১১ ফেব্রুয়ারি ভোররাতে রাজধানীর রাজাবাজারের বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক রুনি।
১৬ দিনেও হত্যাকারী গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে আসছে সাংবাদিকসহ বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক দল। পুলিশ সর্বশেষ রোববার বলেছে, হত্যাকাণ্ডের কারণ ‘মোটামুটি’ নিশ্চিত হয়েছে তারা।
আদালত বলেছে, “দুই সাংবাদিকের হত্যার ঘটনায় সরকার সব ধরনের ব্যবস্থা নিয়েছে। এই তদন্তে কোন ধরনের ভুল বা অবহেলা আমরা দেখিনি। একাধিক তদন্ত সংস্থা এই ঘটনার পুরো সত্য বের করে আনতে কাজ করছে।”
এ বিষয়ে প্রধানমন্ত্রীর তদারকির কথা তুলে ধরেছে আদালত।
“কিন্তু আমরা দুঃখের সঙ্গে লক্ষ্য করছি, কিছু সংখ্যক রাজনীতিক তদন্তকে বাধাগ্রস্ত করতে দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করছেন। গতকালই লালমনিরহাটে বিরোধীদলীয় নেত্রী একটি রায় দিয়েছেন যে, সরকারই খুন করেছে। এই মন্তব্যের সমালোচনা করার ভাষা আমাদের নেই,” বলেছে আদালত।
খালেদা জিয়া সোমবার লালমনিরহাটে জনসভায় বলেন, সরকারের দুর্নীতি চাপা দিতেই সাগর-রুনিকে হত্যা করা হয়েছে।
বিএনপি চেয়ারপারসনের বক্তব্য ধরে আদালত বলেছে, “এর মাধ্যমে তিনি রায় দিয়ে দিয়েছেন। এই বক্তব্য তদন্ত ও বিচার প্রক্রিয়াকে অবশ্যই প্রভাবিত করবে। এটা খুবই দায়িত্বজ্ঞানহীন মন্তব্য। যুক্তরাজ্য বা এ ধরনের কোনো দেশে এ ধরনের মন্তব্য করলে তাকে জেলে যেতে হত।
“ওই (হত্যাকাণ্ড) ঘটনায় মামলা হয়েছে, তাই এটা বিচারাধীন বিষয়, এ সম্পর্কে মন্তব্য আদালত অবমাননার সামিল। আইনের শাসন ও সাংবিধানিক শাসনের জন্য এটা হুমকিস্বরূপ। যারা এ ধরনের বক্তব্য দিচ্ছে, নিহত সাংবাদিক দম্পতির প্রতি তাদের কোনো সহানুভূতি নেই।”
সাগর-রুনির হত্যাকাণ্ড তদন্তের বিষয়ে পুলিশের বিভিন্ন সূত্রের উদ্ধৃতি দিয়ে নানা ধরনের সংবাদ প্রকাশ হচ্ছে বিভিন্ন সংবাদপত্রে।
২৭ ফেব্রুয়ারি দৈনিক আমার দেশে ‘আরেক জজ মিয়া প্রস্তুত’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। একই দিন দৈনিক যুগান্তরে ‘সাংবাদিক দম্পত্তি হত্যাকাণ্ড, হত্যার মোটিভ উদঘাটনে একজন জজ মিয়া খুঁজছে পুলিশ’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।
আদালত বলেছে, “এটাও তদন্তকে প্রভাবিত করতে বাধ্য। আমরা বিশ্বাস করি, এটা এমন একটি পরিস্থিতি সৃষ্টি করবে, যা তদন্তকে ক্ষতিগ্রস্ত করবে।”
সাংবাদিক হত্যাকাণ্ডের তদন্ত সাংবাদিকদের মাধ্যমেই যেন প্রভাবিত না হয়, সে আশা করেছে আদালত।
সকালে আদালতে রিট আবেদনটি করে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে মনজিল মোরসেদ। আবেদনের সঙ্গে আমার দেশ ও যুগান্তরের প্রতিবেদন সংযুক্ত করে দেওয়া হয়।
রিট আবেদনে বলা হয়, পুলিশ এই সাংবাদিক দম্পতির খুনিদের গ্রেপ্তারে ব্যর্থ হয়েছে। তদন্ত চলাকালে পুলিশ গণমাধ্যমে নানা বক্তব্য দিচ্ছে। এছাড়া জজমিয়া সৃষ্টি হচ্ছে বলে বিভিন্ন সংবাদ প্রকাশ হচ্ছে, যা জনগণের মধ্যে দ্বিধা সৃষ্টি করছে।
আদালতে অ্যাডভোকেট মনজিল মোরসেদ নিজেই শুনানি করেন। সরকার পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন।
শুনানিতে আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, আওয়ামী লীগ সমর্থক আইনজীবীদের নেতা অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন, অ্যাডভোকেট শ ম রেজাউল করিম, এ এম আমিন উদ্দিন এবং বিএনপি নেতা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বক্তব্য রাখেন।
শুনানিতে আদালত দৈনিক ইত্তেফাকের আইন ও নির্বাচন বিষয়ক সম্পাদক সালেহ উদ্দিনের বক্তব্যও শোনে।
‘ঘরে-ঘরে নিরাপত্তা কি সম্ভব’
শুনানিতে মনজিল মোরসেদ বলেন, “সরকারের পক্ষ থেকে বলা হয়েছে তদন্ত সঠিকভাবে হচ্ছে। তবে এর মধ্যেই ঘটনাটিতে ‘জজ মিয়া নাটকের’ কথা কিছু কিছু সংবাদপত্র তুলে ধরছে।”
“এই অবস্থা চলতে থাকলে সত্যিকার আসামি গ্রেপ্তার হলে তাকেও মানুষ ‘জজ মিয়া’ হিসাবেই জানবে। তাই এ বিষয়ে আদালতের আদেশ দেওয়া প্রয়োজন।”
শুনানিতে উপস্থিত বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনকে ডেকে আদালত বলে, “আপনাদের সময়ও তো খুন হয়েছে। তদন্ত চলাকালে এ ধরনের মন্তব্য করে আপনারা তো তদন্ত ব্যাহত করছেন। বিচার ব্যাহত করছেন।”
“কাল একজন গুরুত্বপূর্ণ রাজনীতিক বলেছেন, সরকারই এই ঘটনা ঘটিয়েছে, কারণ নিহতদের কাছে সরকারের দুর্নীতির অনেক তথ্য ছিল।”
মাহবুব উদ্দিন খোকন বলেন, “প্রধানমন্ত্রীও এই ঘটনা নিয়ে মন্তব্য করেছেন। বেডরুমে নিরাপত্তা দিতে পারবেন না বলেছেন।”
আদালত বলে, “প্রধানমন্ত্রী তো ঠিকই বলেছেন, ঘরে ঘরে পুলিশ দিয়ে নিরাপত্তা দেওয়া কি সরকারের পক্ষে সম্ভব?”
‘ইংল্যান্ডে হলে তাকে জেলে যেতে হতো’
এজলাসে বসা অন্য বিচারপতিসহ নিজেদের ইঙ্গিত করে মাহবুব বলেন, “আমরা তো এই দেশের গুরুত্বপূর্ণ ভিআইপি। আমাদের দুজনের গানম্যান আছে। বাসায় পাহারা আছে।”
“কিন্তু কেউ যদি আমাদের খুন করতে চায়, তাহলে এর মাধ্যমে কি খুন প্রতিরোধ করা যাবে?”
“এই নিরাপত্তা কি যথেষ্ট? বস্তুত সাধ্য অনুযায়ী নিরাপত্তা দেওয়া সরকারের দায়িত্ব,” বলেন বিএনপির যুগ্ম মহাসচিব।
আদালত বলে, “আপনার নেত্রী তো এই ঘটনা নিয়ে রায় দিয়ে দিয়েছেন। বিচারক থেকে শুরু করে সবাই আপনার নেত্রীর কথায় প্রভাবিত হবে। এর মাধ্যমে তিনি আদালতের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন।”
“ইংল্যান্ডে এ ধরনের মন্তব্য কেউ করলে তাকে জেলে যেতে হতো,” যোগ করে আদালত।
এ সময় মাহবুব বলেন, “ইংল্যান্ডে এ ধরণের ঘটনা ঘটলে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করতেন।”
“আইনজীবী হিসাবে বলব, বিচারাধীন বিষয়ে কোনো পক্ষেরই মন্তব্য করা ঠিক নয়। তবে এটা বাংলাদেশে সংস্কৃতি হয়ে গেছে।”
‘এই হত্যাকাণ্ডের বিচার চাই’
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক এএম আমিন উদ্দিন বলেন, আইন অনুযায়ী তদন্তকারী ১২০ দিন সময় পাবেন। এরপর ক্ষতিগ্রস্তের পরিবার যদি মনে করে, সঠিক তদন্ত হয়নি, তাহলে তারা পুনঃতদন্তের জন্য আবেদন করতে পারেন। কিবরিয়া হত্যায় এটা ঘটেছে।
আদালত বলে, “আমার দেশের বিচারকদের স্বাধীনতা ইংল্যান্ড আমেরিকার চেয়ে কম না। তৃতীয় বিশ্বের খুব কম দেশেই এ ধরণের স্বাধীনতা রয়েছে।”
“আমরা প্রতিদিন কী সব আদেশ দিচ্ছি, কাদের ডাকছি, তা দেখলেই আপনার তা বুঝতে পারবেন। কিন্তু ঘটনা নিয়ে নানা জন বক্তব্য দিলে তা কী থাকবে? বিচারকদের সঠিক সিদ্ধান্ত নিতে দিতে হবে।”
এ সময় আদালতে উপস্থিত দৈনিক ইত্তেফাকের আইন ও নির্বাচন কমিশন বিষয়ক সম্পাদক সালেহ উদ্দিনকে বিরোধী দলীয় নেত্রীর মন্তব্য সম্পর্কে বক্তব্য দিতে আহ্বান করে আদালত।
আদালতের আহ্বানে তিনি বলেন, “বিরোধীদলীয় নেত্রী যা বলেছেন তা অবশ্যই দায়িত্বজ্ঞানহীন। তবে প্রধানমন্ত্রীও বলেছেন, বেডরুমে পাহারা দিতে পারবেন না। এটাও ঠিক নয়।”
“বিরোধীদলীয় নেত্রীর পাশাপাশি সরকারের দুইজন মন্ত্রী বলেছেন, দেশে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, এটাও ঠিক নয়।”
আদালত বলে, “সবার বেডরুমে পাহারা দেওয়া তো সম্ভবও নয়।”
সালেহ উদ্দিন বলেন, “আমরা বেডরুম পাহারা দেওয়া হোক, এটা চাইও না।”
“আমাদের এক জ্যেষ্ঠ সাংবাদিক নির্মল সেন লিখেছেন, স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই। আমরাও সেটা চাই।”
“আপনার আদালত বিভিন্ন বিষয়ে ঐতিহাসিক নানা রায় দিচ্ছেন। এই বিষয়েও আমরা চাই, আপনারা এমন একটি রায় দিবেন।”
এ সময় আদালত বলে, আপনি তো সাংবাদিকদের সংগঠনের সঙ্গেও আছেন। জ্যেষ্ঠ সাংবাদিক হিসাবে সংবাদ মাধ্যমকে দায়িত্বশীল করতে আপনারা আরো ভালো ভূমিকা রাখতে পারেন।
“কোনো কোনো পত্রিকা জজ মিয়ার কাহিনী লিখছে, এটা কি ঠিক?”
সালেহ উদ্দিন বলেন, “কোনো কিছুই পর্যালোচনার বাইরে নয়। এসব প্রতিবেদনের মাধ্যমে বিষয়গুলো পর্যালোচনা হচ্ছে মাত্র।”
“তবে তদন্ত শেষ হলে প্রতিবেদন সামনে আসলে সব কিছু স্পষ্ট হয়ে যাবে।”
সাংবাদিকদের মধ্যে নানা দল রয়েছে মন্তব্য করে তিনি বলেণ, “তবে এই ঘটনা নিয়ে আমরা ঐক্যবদ্ধ হয়েছি। তার মানে এটা নয় যে, আমরা সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছি।”
“আমরা এই হত্যাকাণ্ডের বিচার চাই।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/পিডি/০১২১ ঘ.
bdnews24