ঢাকা, ফেব্রুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংসদ মঈনউদ্দিন খান বাদল বলেছেন, নতুন উচ্চতায় পৌঁছুতে সরকারের উচিত অহঙ্কার ছেড়ে সমালোচনা সহ্য করা।
সোমবার সংসদ অধিবেশনে তিনি বলেন, “সরকার সমালোচনা সহ্য করতে পারলে তা হবে আমাদের অলঙ্কার।”
“[সরকারের মধ্যে] অহঙ্কারের মৃদু উপস্থিতি আছে যা আমাদের জন্য ভালো হবে না।”
রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ জ্ঞাপন করতে গিয়ে এসব কথা বলেন তিনি।
মুদ্রাস্ফীতি কমিয়ে আনতে এবং পুঁজিবাজারকে ভালো অবস্থায় নিতে সরকারের প্রতি আহ্বান জানান বাদল। তিনি যুদ্ধাপরাধী এবং তাদের সমর্থকদের তীব্র সমালোচনা করেন।
জনগণ কিছুটা নিরাপত্তার অভাব বোধ করছে উল্লেখ করে এ জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়হীনতাকে দায়ী করেন সরকারদলীয় সাংসদ এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রফিকুল ইসলামএ
মুদ্রাস্ফীতি প্রসঙ্গে তিনি বলেন, “মানুষে আয় বাড়তে পারে, কিন্তু সরকারের উচিত দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা।”
সরকারদলীয় আরেক সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরী টিপাইমুখ বাঁধকে বাংলাদেশো জন্য ‘মরণ ফাঁদ’ হিসেবে অভিহিত করেন।
তিনি বলেন, “সিলেটে পানির স্তর অনেক কমে গেছে। এক হাজার দুশ ফুট গভীরতায়ও আমি পানি পাচ্ছি না।”
“বর্তমান অবস্থা চলতে থাকলে ২০ বছর পর সিলেটে চা-বাগান থাকবে না।”
ভারতের মণিপুর রাজ্যে টিপাইমুখে বরাক নদীতে বাঁধ তৈরি করবে দেশটি- গতবছরের শেষ দিকে গণমাধ্যমে এ খবর আবার উঠে এলে দেশে এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। মণিপুর রাজ্যেও এ বাঁধের বিরোধিতা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/পিডি/২৩১৫ ঘ.
bdnews24