সাতক্ষীরা, ফেব্রুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরার কলারোয়া উপজেলায় ছেলেধরা সন্দেহে পুলিশের এক উপপরিদর্শকসহ (এসআই) তিন যুবককে গণধোলাই দিয়েছে গ্রামবাসী।
উপজেলার যুগিখালী ইউনিয়নের পাঁচনল গ্রামে রোববার রাতে এই ঘটনা ঘটে। এ সময় উত্তেজিত জনতা তাদের ব্যবহৃত একটি মাইক্রোবাস ভাঙচুর করে।
কলারোয়া থানার ওসি সুভাষ চন্দ্র বিশ্বাস ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “পাইকগাছা থানার এক এসআই ও এক কনস্টেবল আদালতের আদেশ নিয়ে কলারোয়ায় এসেছিলো।”
পুলিশ ও এলাকাবাসী জানিয়েছে, ২০১০ সালে স্বামীকে শ্বাসরোধ করে হত্যার ঘটনায় কলারোয়া থানায় স্ত্রীসহ কয়েকজনকে আসামি করে একটি মামলা করা হয়। ওই মামলায় সাক্ষী হিসেবে রয়েছে নিহতের দুই শিশুপুত্র মোস্তাক আহম্মেদ (৯) ও মোস্তাক হাসান (৮)।
মামলার এজাহারভুক্ত আসামি নিহতের স্ত্রী শাপলা বেগম (২২) জামিন নিয়ে বাবার বাড়িতে আছেন।
স¤প্রতি তিনি তার দুই শিশু পুত্রকে তার হেফাজতে নেওয়ার জন্য খুলনা জেলার পাইকগাছা নির্বাহী ম্যাজিস্ট্রেট একটি পিটিশন করেন। পাইকগাছা থানার এসআই শাহাদাত রোববার রাতে সাদা পোশাকে একজন কনস্টেবলসহ পাঁচনল গ্রামে গিয়ে ওই দুই শিশুর খোঁজ নিলে এলাকাবাসী তাদের ছেলেধরা সন্দেহে গণধোলাই দেয়।
পরে কলারোয়া থানা পুলিশ রাতেই তাদেরকে উদ্ধার করে।
ওসি সুভাষ জানান, আগে থেকে কলারোয়া থানার সাহায্য নিলে এমনটা ঘটতো না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এএল/২২৩১ ঘ.
bdnews24