সাভার, ফেব্রুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতির সময় অস্ত্রসহ ৩ ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শনিবার রাত সোয়া ১টার দিকে আশুলিয়ার নিরিবিলি হাউজিং সোসাইটির মাঠ থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- আশুলিয়ার চারিগ্রাম মহল্লার আনোয়ার হোসেন (২৮), ধামরাইয়ের সবুজ মিয়া (২৫) ও পাবনার মোহাম্মদ সেলিম (২৫)।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, একদল ডাকাত ডাকাতির পরিকল্পনা করছে- এমন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তিন জনকে গ্রেপ্তার করা গেলেও অন্যরা পালিয়ে যায়।
তাদের কাছ থেকে একটি শাটারগান, ২ রাউন্ড কার্তুজ, একটি ছোরা ও একটি কিরিচ উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা হয়েছে বলে জানান এসআই মনিরুজ্জামান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এএল/১৮৫৪ ঘ.
bdnews24