ঢাকা, ফেব্রুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী দেশগুলোর প্রতি ক্ষতিগ্রস্ত বাংলাদেশকে সহায়তা করার দাবি জানিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা ও প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত একটি গ্রপ।
সোশাল ওয়াচ নামে একটি বৈশ্বিক নেটওয়ার্কের বাংলাদেশ শাখা সোমবার এক অনুষ্ঠানে এ দাবি জানায়। বাংলাদেশে নেটওয়ার্কটির শাখায় যুক্ত রয়েছে ২০টি বেসরকারি সংস্থা ও প্রতিষ্ঠান।
রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ২০১২ সালের সোশাল ওয়াচ প্রতিবেদন (বাংলাদেশ অংশ) প্রকাশ অনুষ্ঠান নেটওয়ার্কের সদস্য রেজাউল করীম চৌধুরী বলেন, “১৯৯২ সালে রিও ঘোষণা অনুযায়ী জলবায়ু পরিবর্তনের জন্য প্রাথমিকভাবে দায়ী দেশগুলোর উচিত বাংলাদেশের মতো ক্ষতিগ্রস্ত দেশকে সহায়তা করা।”
“বিশ্বে বাংলাদেশ সবচেয়ে কার্বন নির্গমণ করে, অথচ জলবায়ু পরিবর্তনের কারণে এই দেশটিই বেশি ক্ষতির সম্মুখিন হচ্ছে” উল্লেখ করে বেসরকারি উন্নয়ন সংস্থা কোস্টের নির্বাহী পরিচালক রেজাউল বলেন, “এ সমস্যা নিরসনে এবং টেকসই উন্নয়নের জন্য সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও সুস্পষ্ট কার্যক্রম নেওয়া উচিত।”
সোশাল ওয়াচ বাংলাদেশের আরেক সদস্য ও গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী বলেন, “টেকসই উন্নয়নের জন্য সরকারকে আন্তরিকভাবে কাজ করতে হবে। পরিবেশগত দিক থেকে বাংলাদেশ খুবই নাজুক অবস্থায় আছে।”
এ অবস্থা থেকে উত্তরণে রাজনৈতিক সদিচ্ছার পাশাপাশি সঠিক পরিকল্পনা ও কৌশলপত্র প্রণয়ন করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন সোশাল ওয়াচ বাংলাদেশ এবং উন্নয়ন সমন্বয়ের সমন্বকারী জাহিদ রহমান ও সোশাল ওয়াচের সদস্য এবং বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/পিডি/২০৫৪ ঘ.
bdnews24