২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডা. বাকি হত্যাকাণ্ড: দুই আসামির নামে পরোয়ানা

সিরাজগঞ্জে ডা. বাকি হত্যা মামলায় অভিযুক্ত দুই আসামির নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2012, 11:19 AM

Updated : 24 Aug 2022, 10:51 AM

সিরাজগঞ্জ, ফেব্রুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জে ডা. বাকি হত্যা মামলায় অভিযুক্ত দুই আসামির নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। রোববার বিকেলে সিরাজগঞ্জ জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক হামিদুল ইসলাম শহরের আনতলা কমিউনিটি ক্লিনিকের মালিক ডা. আব্দুল লতিফ ও জানপুর মহল্লার জেলহকের ছেলে জাকারিয়া মাসুদের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। গত বছরের ১৬ এপ্রিল ডা. বাকি মির্জাকে সিরাজগঞ্জ কালেক্টরেট ভবনের সরকারি ব্যাচেলর কোয়ার্টারে নিজ কক্ষে কুপিয়ে হত্যা করা হয়। তিনি শাহজাদপুর উপজেলার রূপপুর গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে। এ ঘটনায় নিহতের ভাই আব্দুল লতিফ সদর থানায় একটি হত্যা মামলা করেন। এরই মধ্যে মামলাটি চাঞ্চল্যকর মামলা হিসেবে অর্ন্তভুক্ত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মনিটরিং সেল তদারকি করছে। সিরাজগঞ্জ সদর কোর্ট পরিদর্শক আব্দুল মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মামলার তদন্ত কর্মকর্তা সিরাজগঞ্জ র‌্যাব-১২ এর সহকারী পুলিশ সুপার চপল কান্তি রায় বৃহস্পতিবার আদালতে চার জনের নামে অভিযোগপত্র দাখিল করেন। রোববার অভিযোগপত্রের শুনানি হয়। এদিন উচ্চ আদালত থেকে জামিন পাওয়া আসামি ডা. লতিফ ও জাকারিয়া শুনানির জন্য আদালতে হাজির না হয়ে আইনজীবীর মাধ্যমে সময় আবেদন করেন। তবে আদালত আবেদন ও ওই জামিন বাতিল করে দুইজনের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এর আগে দুই অভিযুক্ত সদর উপজেলার খোকসাবাড়ি ইউনিয়নের খোকসাবাড়ি গ্রামের রুহুল আমিন বাবু ও ছোনগাছা ইউনিয়নের খাগা গ্রামের আনোয়ার হোসেন কিরনকে জেলহাজত থেকে আদালতে আনা হয়। বিচারকাজ সম্পন্ন করার জন্য মামলাটির নথিপত্র জেলা জজ আদালতে স্থানান্তরেরও নির্দেশ দেন বিচারক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এএল/১৭১৮ ঘ.