২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রী পটুয়াখালীতে

তিনটি সেতুসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন শেষে বিকেলে কলাপাড়ায় এক জনসভায় বক্তৃতা করবেন শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2012, 04:09 AM

Updated : 24 Aug 2022, 10:51 AM

ঢাকা, ফেব্র“য়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তিন ছেলে শেখ জামাল, শেখ কামাল ও শেখ রাসেলের নামে পটুয়াখালীর কলাপাড়ায় নির্মাণ করা হচ্ছে তিনটি সেতু। এই সেতু তিনটিসহ প্রায় ২০০ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করতে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে হেলিকপ্টারে করে পটুয়াখালীর চর এলাকা রাঙ্গাবালিতে পৌঁছান প্রধানমন্ত্রী। বিকেলে কলাপাড়ায় স্থানীয় আওয়ামীলীগ আয়োজিত এক জনসভায় বক্তৃতা করারও কথা রয়েছে তার। পানিসম্পদ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহাবুবুর রহমান তালুকদার সাংবাদিকদের জানান, পটুয়াখালী পৌঁছানোর পর প্রধানমন্ত্রী নব-গঠিত রাঙ্গাবালী উপজেলা কমপ্লেক্সের উদ্বোধন করবেন এবং স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করবেন। এ ছাড়া তিনি বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের অর্থায়নে ১১২ শয্যার যুব পান্থ নিবাস ও ২০ শয্যার কুয়াকাটা হাসপাতাল উদ্বোধন এবং নবগঠিত কুয়কাটা পৌরসভার অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এরপর দুপুরে কলাপাড়া-কুয়াকাটা সড়কে আন্দারমানিক নদীর ওপরে শহীদ শেখ কামাল সেতু, হাজিপুরের সোনাতলা নদীর ওপর শহীদ শেখ জামাল সেতু এবং মহিপুরের শিববাড়িয়া নদীর ওপর শহীদ শেখ রাসেল সেতুর ভিত্তিফলক উন্মোচন করবেন শেখ হাসিনা। পটুয়াখালী সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী কমলেন্দু মজুমদার জানান, ৮৯১ দশমিক ৭৬ মিটার দৈর্ঘ্যরে শহীদ শেখ কামাল, ৪৮২ দশমিক ৩৭ মিটার দৈর্ঘ্যের শহীদ শেখ জামাল এবং ৪০৮ দশমিক ৩৬ মিটার দৈর্ঘ্যের শহীদ শেখ রাসেল সেতু নির্মাণে সময়কাল ধরা হয়েছে তিন বছর। ব্যয় ধরা হয়েছে ১৪৭ কোটি টাকা। সবশেষে বিকাল ৩টায় কলাপাড়ায় মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ মাঠে আওয়ামীলীগ আয়োজিত এক জনসভায় বক্তৃতা করবেন শেখ হাসিনা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১০৩৫ ঘ.