পটুয়াখালী, ফেব্রুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লঞ্চ দেরিতে পৌঁছার কারণে পরীক্ষা দিতে না পারায় পটুয়াখালীতে একটি লঞ্চে ভাংচুর চালিয়েছেন প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ প্রত্যাশী পরীক্ষার্থীরা।
শুক্রবার দুপুরে পটুয়াখালী লঞ্চঘাটে এ ঘটনা ঘটেছে বলে লঞ্চ কর্তৃপক্ষ জানিয়েছে।
ঢাকা থেকে পটুয়াখালীগামী ওই লঞ্চে দুই শতাধিক পরীক্ষার্থী থাকার কথা জানিয়েছেন তাদেরই একজন।
পরীক্ষায় অংশ নিতে না পারা মাসুম বিল্লাহ সাংবাদিকদের বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৬টায় ঢাকার সদরঘাট থেকে পটুয়াখালীর উদ্দেশে ছেড়ে আসা লঞ্চ সুন্দরবন-৫ রাত সাড়ে ১১টার দিকে চাঁদপুরের কাছে এসে লঞ্চটি ডুবোচরে আটকে যায়। এরপর শুক্রবার সকাল ৭টার দিকে নদীতে জোয়ার শুরু হলে লঞ্চটি পটুয়াখালীর উদ্দেশে আবার রওনা দেয়। দুপুর ১২টার দিকে লঞ্চটি পটুয়াখালী লঞ্চঘাটে পৌঁছে।
মাসুম বিল্লাহ আরো বলেন, তার সঙ্গে দুই শতাধিক পরীক্ষার্থী ওই লঞ্চে ছিলেন।
লঞ্চের সুপারভাইজার মো. শাখাওয়াত হোসেন বলেন, লঞ্চটি পটুয়াখালী ঘাটে পৌঁছলে বিক্ষুব্ধ পরীক্ষার্থীরা তার কক্ষসহ লঞ্চের কেবিনের দরজার একাধিক জানালা ভাংচুর এবং তাদের মারধর করেন।
এতে লঞ্চের এক লাখেরও বেশি টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।
পটুয়াখালী নৌবন্দরের উপ-পরিচালক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, লঞ্চটিতে পরীক্ষার্থী ছিল। কিন্তু কত জন ছিল তা বলা যায় না। উত্তেজিত শিক্ষার্থীরা লঞ্চের কেবিনের গ্লাস ভাংচুর করেছে। কিন্তু কোনো কর্মচারীর গায়ে হাত দেয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯০৭ ঘ.
bdnews24