ঢাকা, ফেব্রুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দৈনিক জনকণ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে আদালত অবমাননা করেছে বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ করেছেন জামায়ত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর আইনজীবীরা।
সাঈদীর বিরুদ্ধে সর্বশেষ সাক্ষ্যদানকারী সাইফ হাফিজুর রহমানের গত ২০ ফেব্র“য়ারির জবানবন্দি নিয়ে করা প্রতিবেদন তুলে ধরে এ অভিযোগ করেন সাঈদীর আইনজীবী তাজুল ইসলাম।
প্রসিকিউশনের ২৭তম সাক্ষী ও নড়াইল জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি হাফিজুর সেদিন ট্রাইব্যুনালে বলেন, স্বাধীনতা যুদ্ধের সময় অন্য দুই কর্মকর্তার সঙ্গে তার বড় ভাই পিরোজপুরে কর্মরত ম্যাজিস্ট্রেট মিজানুর রহমানকে রাজাকার বাহিনী ধরে নিয়ে যায়। পরে বলেশ্বরী নদীর তীরে তাদের হত্যা করে নদীতে লাশ ফেলে দেওয়া হয়।
হাফিজ বলেন, “ভাইকে যেই গাড়িতে করে ধরে নেওয়া হয়েছিলো সেটিতে মুন্নাফ রাজাকার উপস্থিত ছিলেন। দেলওয়ার হোসাইনও তাতে ছিলেন। পরে আমি জানতে পারি এই দেলওয়ার হোসাইনই পরবর্তীতে দেলওয়ার হোসাইন সাঈদী নামে পরিচিত হয়।”
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ আদালতে প্রথম ব্যক্তি হিসাবে গত ৩ অক্টোবর সাঈদীর বিরুদ্ধে ২০টি অপরাধে অভিযোগ গঠন করে। বর্তমানে তার বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্যগ্রহণ চলছে।
তাজুল ইসলাম বলেন, ২০ ফেব্রুয়ারি হাফিজের ওই সাক্ষ্যের ওপর ভিত্তি করে জনকণ্ঠের প্রতিবেদনে বলা হয় হত্যার সময় সাঈদী ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
‘সাঈদীর সামনে পাক সেনারা আমার ভাইকে বেয়নেট দিয়ে খুঁচিয়ে হত্যা করে’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে জনকণ্ঠ।
তাজুল বলেন, ওই প্রতিবেদনের কনটেন্ট মূল ঘটনার কাছাকাছি হলেও এ ধরনের শিরোনাম তার মক্কেলের জন্য ক্ষতিকর।
“এ ধরনের শিরোনামের কারণে আমাদের ন্যায়বিচার পাওয়ার ক্ষেত্রে সমস্যা করবে।”
এছাড়া তাজুল ইসলাম এ সংক্রান্ত অন্য একটি প্রতিবেদনের শিরোনাম আদালতের সামনে তুলে ধরলে ট্রাইব্যুনালের প্রধান বিচারপতি নিজামুল হক তা ভুল বলে মন্তব্য করেন।
এক পর্যায়ে জনকণ্ঠের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রতিবেদকের খোঁজ করে ট্রাইব্যুনাল। তিনি ও তার পত্রিকার কেউ সে সময় আদালত কক্ষে উপস্থিত না থাকায় রোববার তাদের উপস্থিতিতে এ আবেদনের শুনানি হবে জানিয়ে আদালতের কার্যক্রম শেষ করে ট্রাইব্যুনাল।
একাত্তরে তিন হাজারেরও বেশি নিরস্ত্র ব্যক্তিকে হত্যা বা হত্যায় সহযোগিতা, নয় জনেরও বেশি নারীকে ধর্ষণ, বিভিন্ন বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ, লুটপাট, ভাংচুর এবং একশ থেকে দেড়শ হিন্দুকে ধর্মান্তরে বাধ্য করার অভিযোগ রয়েছে সাঈদীর বিরুদ্ধে, যাকে একাত্তরে তার এলাকার লোকজন ‘দেইল্লা রাজাকার’ নামে চিনত।
সাঈদী ছাড়াও জামায়াতের চার শীর্ষ নেতা যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার রয়েছেন। তারা হলেন- দলের আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান ও আব্দুল কাদের মোল্ল¬¬া।
যুদ্ধাপরাধের মামলায় এই পর্যন্ত দুই বিএনপি নেতাকেও গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী আটক থাকলেও জিয়াউর রহমান আমলের মন্ত্রী আব্দুল আলীম শর্তসাপেক্ষে জামিনে রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএইচ/পিডি/০০৪৯ ঘ.
bdnews24