ঢাকা, ফেব্রুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বামীর দুর্নীতিতে সহায়তা করায় ইসলামী ব্যাংকের এক কর্মকর্তার স্ত্রীকে ১০ বছর কারাভোগ করতে হচ্ছে।
বৃহস্পতিবার ঢাকার একটি আদালত মামলার রায় দেওয়ার পর আদালতে কান্নায় ভেঙে পড়েন দণ্ডিত শাহানুর বেগম বেবী।
১৪ বছর আগে করা এই মামলার মূল আসামি বেবীর স্বামী ইসলামী ব্যাংক মতিঝিল আঞ্চলিক শাখার ভাইস প্রেসিডেন্ট মো. সিরাজুল ইসলাম বিচার চলাকালেই মারা যাওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।
ঢাকার বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. আব্দুল মজিদ কারাদণ্ডের পাশাপাশি বেবীর ৬০ লাখ টাকা জরিমানাও করেন। জরিমানার টাকা দিতে না পারলে তাকে আরো ৫ বছর কারাভোগ করতে হবে।
এছাড়া ব্যাংকে দণ্ডিতের জমা করা সমুদয় টাকা, সঞ্চয়পত্র ও বিভিন্ন ধরনের সঞ্চয়ের লভ্যাংশ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার আদেশও দিয়েছে আদালত।
মামলায় অভিযোগ করা হয়, ১৯৮৮ সালের ৩১ মার্চ ইসলামী ব্যাংক মতিঝিল স্থানীয় কার্যালয় শাখায় সিরাজুল ইসলামের অনুমোদনে এন জেড আলম নামের এক অস্তিত্ববিহীন ব্যক্তির নামে ভুয়া হিসাব খোলা হয়। পরে সিরাজুল ভুয়া ভাউচারের মাধ্যমে বিভিন্ন খাতের সরকারি টাকা ওই হিসাবে জমা করেন, যা পরিমাণ ১ কোটি ৩৯ লাখ ৩১ হাজার টাকা।
ওই হিসাব থেকে চেকের মাধ্যমে বিভিন্ন তারিখে এন জেড আলমের পক্ষে সিরাজুল নিজেই স্বাক্ষর করে টাকা তোলেন বলে ইসলামী ব্যাংকের তদন্তে বেরিয়ে আসে। আরো দেখা যায়, সিরাজুল নিজের ও তার স্ত্রী বেবীর নামে ইসলামী ব্যাংকে খোলা হিসাবে ওই টাকা জমা রাখেন।
১৯৯৮ সালে ২ এপ্রিল মতিঝিল থানায় ইসলামী ব্যাংকের মতিঝিল আঞ্চলিক কার্যালয় জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট নুরুল আমিন সিরাজুলের বিরুদ্ধে মামলা করেন। মামলা তদন্তের পর অভিযোগপত্রে বেবীকেও আসামি করা হয়।
২০০৪ সালের ২৩ মে এই দম্পতির বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন হয়।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালানাকারী মাহমুদ হোসেন জাহাঙ্গীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হাই কোর্টের আদেশে দীর্ঘ দিন মামলাটির কার্যক্রম স্থগিত ছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/কিউএইচ/এমআই/১৬১৪ ঘ.
bdnews24