ঢাকা, ফেব্রুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্যুৎ সংযোগ পাওয়ার জন্য এখন থেকে অনলাইনে আবেদন করা যাবে। আর আবেদনের এক মাসের মধ্যেই সংযোগ মিলবে।
রাজধানীর আব্দুল গণি সড়কে বিদ্যুৎ ভবনে বৃহস্পতিবার ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানির (ডেসকো) আওতাভূক্ত এলাকায় অনলাইনে বিদ্যুৎ সংযোগের আবেদন করার পদ্ধতির উদ্বোধন শেষে প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, “সরকার সব ক্ষেত্রে তথ্যপ্রযুক্তির ব্যবহার শুরু করেছে। এর অংশ হিসেবে এ কার্যক্রম শুরু হয়েছে।”
আগামী জুন মাসের মধ্যে সব বিতরণকারী সংস্থা এ পদ্ধতি চালু করবে উল্লেখ করে তিনি বলেন, “প্রথমবারের মতো সংযোগ পেতে গ্রাহকরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের এক মাসের মধ্যে গ্রাহকরা সংযোগ পাবেন।”
রাজধানীর মিরপুর, বনানী, উত্তরা, গুলশানসহ বিভিন্ন স্থানে বিদ্যুৎ সরবরাহ করে থাকে ডেসকো। ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডও (ডিপিডিসি) ঢাকায় বিদ্যুৎ বিতরণ করে।
এছাড়াও সারাদেশে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি), ওয়েষ্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাাডিকো) ও পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) বিদ্যুৎ বিতরণ ও সংযোগ দেয়।
ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক মো. মনজুর রহমান বলেন, “গ্রাহকের সুবিধার্থে এ ব্যবস্থা চালু করা হয়েছে। গ্রাহকরা ডেসকোর ওয়েবসাইট থেকে নতুন সংযোগ পাওয়ার ব্যাপারে বিস্তরিত তথ্য জানতে পারবেন।”
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, বিদ্যুৎ সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ ও অতিরিক্ত সচিব তাপস কুমার রায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এসইউ/১৪৪৩ ঘ.
bdnews24