২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৬০ হাজার দীপশিখায় শহীদ স্মরণ

ভাষা আন্দোলনের ৬০ বছর পূর্তিতে ৬০ হাজার দীপশিখা জ্বালিয়ে শহীদদের স্মরণ করেছে নড়াইলবাসী। সেই সঙ্গে নিরক্ষরতা, দারিদ্র্য, ধর্মান্ধতা, সা¤প্রদায়িকতা অন্ধকারকে পেছনে ফেলে আলোকিত ভবিষ্যতের আহ্বানও জানানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2012, 06:08 PM

Updated : 24 Aug 2022, 10:49 AM

নড়াইল, ফেব্রুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভাষা আন্দোলনের ৬০ বছর পূর্তিতে ৬০ হাজার দীপশিখা জ্বালিয়ে শহীদদের স্মরণ করেছে নড়াইলবাসী। সেই সঙ্গে নিরক্ষরতা, দারিদ্র্য, ধর্মান্ধতা, সা¤প্রদায়িকতা অন্ধকারকে পেছনে ফেলে আলোকিত ভবিষ্যতের আহ্বানও জানানো হয়েছে। একুশের ফেব্রুয়ারিতে মঙ্গলবার সন্ধ্যায় সূর্য ডোবার সঙ্গে সঙ্গে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের কুড়িরডোব মাঠে জ্বলে ওঠে ৬০ হাজার দীপ শিখা। একুশ উদযাপন পর্ষদের আয়োজনে অনুষ্ঠিত ব্যতিক্রমী এই আয়োজন দেখতে মাঠে জড়ো হয়েছিল হাজারো মানুষ। কয়েক বছর ধরে এই আয়োজন হচ্ছে। বিকাল থেকে নড়াইল, যশোর, মাগুরাসহ বিভিন্ন জেলার নারী পুরুষ শিশু-কিশোর ছুটে আসেন মাঠে। প্রায় ৪ একর মাঠটিতে বিভিন্ন প্রকার আল্পনা একে সারিবদ্ধভাবে দীপ শিখা প্রজ্বলন করা হয়। সন্ধ্যায় অনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন ভাষাসৈনিক রিজিয়া বেগম। এই সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জহুরুল হক, একুশ উদযাপন পর্ষদের আহ্বায়ক মুন্সী হাফিজুর রহমান, সদস্য সচিব নাট্যব্যক্তিত্ব কচি খন্দকার প্রমুখ। মোমবাতি প্রজ্জ্বলনের সময়ে স্থানীয় শিল্পীরা একুশের অমর সেই গানের পাশাপাশি দেশাত্মবোধক বিভিন্ন গান গেয়ে শোনান শিল্পীরা। শহরের আলাদাতপুর এলাকার জসিম উদ্দিন বলেন, “এ আয়োজন দেখার জন্য সারা বছর অপেক্ষা করে থাকি। এ দৃশ্য দেখতে খুব ভাল লাগে।” যশোর থেকে আসা মনসুর আহম্মেদ বলেন, “এত দিন দীপশিখা প্রজ্বলন সম্পর্কে অনেক কথা শুনেছি। আজ নিজ চোখে দেখে বুঝতে পারলাম এটিই আসলেই অনেক সুন্দর।” আয়োজক কমিটির আহ্বায়ক হাফিজুর রহমান জানান, ১৯৯৯ সালে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্মৃতি সংসদ স্থানীয়দের সহযোগিতায় শুরু করে দীপশিখা প্রজ্জ্বলন কর্মসূচি। পরবর্তীকালে চিত্রা থিয়েটার, মূর্চ্ছনা সংগীত নিকেতনসহ নড়াইলবাসীর সার্বিক সহযোগিতায় এ কর্মসূচি পালিত হচ্ছে। সদস্য সচিব কচি খন্দকার বলেন, “এ কর্মসূচির মাধ্যমে আমরা সকল অন্ধকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/০০০৫ ঘ.