চট্টগ্রাম, ফেব্রুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) পক্ষ থেকে পাঁচ গুণী ব্যক্তিকে একুশে সম্মাননা স্মারক দেওয়া হয়েছে।
মঙ্গলবার নগরীর মুসলিম হল চত্বরে একুশমঞ্চে সিসিসি’র পক্ষ থেকে এ সম্মাননা দেন সিটি মেয়র এম মনজুর আলম।
যারা সম্মাননা পেলেন, তারা হলেন- ভাষা ও সাংস্কৃতিক আন্দোলনে চৌধুরী সাহাবউদ্দিন আহমদ খালেদ (মরণোত্তর), শিক্ষায় অধ্যাপক ড. মোহম্মদ মাহাবুব উল্লাহ (মরণোত্তর), সমাজসেবায় ইদরিস আলম (মরণোত্তর), সাংবাদিকতায় দৈনিক আজাদীর সহকারী সম্পাদক কবি অরুণ দাশগুপ্ত এবং ক্রীড়ায় মোহাম্মদ ইকবাল খান (মরণোত্তর)।
কবি অরুণ দাশগুপ্ত ছাড়া বাকি মরণোত্তর পদকপ্রাপ্তদের পক্ষে তাদের পরিবারের সদস্যরা সম্মাননা স্মারক গ্রহণ করেন।
সম্মাননা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিসিসির শিক্ষা স্ট্যান্ডিং কমিটির সভাপতি ওয়ার্ড কাউন্সিলর রেহানা বেগম রাণু। এতে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন কাউন্সিলর ফেরদৌস আরা, সিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আনোয়ারা বেগম ও সচিব মো. শামসুদ্দোহা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/২১০৪ ঘ.
bdnews24