আসাদুজ্জামান
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি
বেনাপোল (যশোর), ফেব্রুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোরের বেনাপোল সীমান্তের শূন্যরেখায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বসেছিল এপার-ওপার বাংলার বাংলা ভাষাভাষী মানুষের মিলনমেলা।
মঙ্গলবার একুশের সকাল থেকেই গান, আবৃত্তি, নাচ আর দু’বাংলার কবি-সাহিত্যিক-শিল্পী-রাজনীতিবিদদের পদচারণায় মুখর হয়ে উঠে বেনাপোল আর পেট্রাপোলের শূন্যরেখা।
সীমান্তবর্তী গ্রামের মানুষ তো ছিলই, অমর একুশের অমর সুরের সঙ্গে পাশাপাশি মঞ্চ থেকে ভেসে আসা ‘একই আকাশ, একই বাতাস/ এক হৃদয়ে একই তো শ্বাস’ বিহ্বল করে রাখে সবাইকে।
২০০২ সাল থেকে ভাষা শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দুই বাংলার ‘ভারত-বাংলাদেশ গঙ্গা-পদ্মা ভাষা ও মৈত্রী সমিতি’র উদ্যোগে সীমান্তবর্তী প্রায় ২০টি সংগঠন শুরু করে এই মিলন মেলা।
১০ বছর পর তার পরিধি কিছুটা বেড়েছে। এবার এপার বাংলার বেনাপোল আর ওপারের বাংলার বনগাঁ পৌরসভাও অনুষ্ঠান আয়োজন করে।
ভারতের হরিদাসপুরের বিএসএফ ক্যাম্পের সামনে তৈরি হয় একটি মঞ্চ আর বেনাপোলের শুল্ক ভবনের পাশেই তৈরি হয় বাংলাদেশের মঞ্চ। ভারতের তৈরি মঞ্চে বাংলাদেশের শিল্পীরা আর বাংলাদেশের তৈরি মঞ্চে ভারতের শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।
কড়া নিরাপত্তার মধ্যেও কয়েক ঘণ্টার জন্য উধাও হয়ে যায় সীমান্তের কাঁটাতার, দু’বাংলার মানুষ বেনাপোল সীমান্তে একে অপরকে জড়িয়ে ধরে মুগ্ধতার চোখে, মেতে উঠে আড্ডায়-স্মৃতিচারণে।
আগে থেকেই নিজ নিজ ভূখণ্ডে অপেক্ষায় ছিলেন আয়োজকরা। ঘড়ির কাঁটায় সকাল ১০টা বাজার সঙ্গে সঙ্গে সীমানা পেরিয়ে বাংলাদেশে পা রাখেন পশ্চিমবাংলার খাদ্য ও সরবরাহ দপ্তরের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, উত্তর চব্বিশ পরগনার লোকসভা সদস্য গোবিন্দ চন্দ্র লস্কর, বিধানসভার সদস্য বিশ্বজিত দাস, সাবেক বিধায়ক গোপাল শেঠ, নির্মল বোস, ভারত-বাংলাদেশ গঙ্গা-পদ্মা ভাষা ও মৈত্রী সমিতির’ সভাপতি অমিতাভ নন্দী, বনগাঁ পৌরসভার মেয়র জোসনা আর্য, চিত্রশিল্পী মোহিনী বিশ্বাস, শিল্পী অরুন্ধতী হোম চৌধুরী।
এপারে থাকা সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন, বেনাপোল পৌরসভার মেয়র আশরাফুল আলম লিটন, বেনাপোলের শুল্ক কর্মকর্তা মারগুব আহম্মদ, আওয়ামী লীগ নেতা আব্দুল হকসহ রাজনীতিবিদ-কবি-শিল্পী-সাহিত্যিকরা ফুল দিয়ে ওপারবাসীকে শুভেচ্ছা জানান।
পরে দু’বাংলার মানুষ নিজ নিজ সংগঠনের পক্ষ থেকে শূন্যরেখায় নির্মিত অস্থায়ী শহীদ বেদীতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন।
আফিল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাংলাদেশের বাঙালির অর্জনকে দুই বাংলার বাঙালি একসঙ্গে পালন করছি, এটা খুবই গর্বের বিষয়। দু’দেশের মৈত্রীতে এটা অনুপ্রেরণা যোগাবে।”
পশ্চিমবঙ্গের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক অনুষ্ঠানে বলেন, “একুশের গৌরবের উত্তরাধিকারী পৃথিবীর সব বাঙালি। এর ব্যপ্তি শুধু ভাষার মধ্যে সীমাবদ্ধ নয়, অনেক বিস্তৃত।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/২০৪০ ঘ.
bdnews24