ঢাকা, ফেব্রুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী বছরের মাঝামাঝি মেট্রোরেল প্রকল্পের কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন সড়ক বিভাগের সচিব এমএএন সিদ্দিক।
আগামী মার্চে জাপান সরকারের সঙ্গে প্রায় ১ দশমিক ৮ বিলিয়ন ডলারের ঋণচুক্তি হবে উল্লেখ করে তিনি বলেছেন, “মেট্রোরেলের জন্য ডিপিপি (ডেভলপমেন্ট প্রজেক্ট প¬ান) প্রস্তুত করা হয়েছে যা এ সপ্তাহেই পরিকল্পনা কমিশনে পাঠানো হবে। সেখান থেকে অনুমোদন দেওয়া হলেই ঋণচুক্তি স্বাক্ষর করা হবে।”
বাংলাদেশে জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকার প্রধান প্রতিনিধি ড. তাকাও তোদার নেতৃত্বে দুই সদস্যের এক প্রতিনিধি দল যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সোমবার যোগাযোগ মন্ত্রণালয়ে দেখা করেন।
সাক্ষাৎ শেষে সড়ক বিভাগের সচিব সাংবাদিকদের বলেন, “মেট্রোরেল রুট উত্তরা ৩য় ফেইজ থেকে শুরু হয়ে পল্ল¬বী-রোকেয়া স্মরণি-খামারবাড়ি-ফার্মগেট-শাহবাগ-দোয়েল চত্ত্বর-তোপখানা রোড হয়ে মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে শেষ হবে।”
শুরুর নকশা অনুযায়ী মেট্রোরেল বিজয় সরণী দিয়ে যাওয়ার কথা থাকলেও পরে বিমানবাহিনীর আপত্তির ফলে এটি সংসদ ভবনের পাশ দিয়ে খামারবাড়ি দিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়। এর আগেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপত্তির প্রেক্ষিতে শাহবাগের টিএসসি মোড়ের বদলে এর রুট ঘোরানো হয় দোয়েল চত্ত্বরে।
উত্তরা মডেল টাউনের উত্তর পাশে মেট্রোরেলের জন্য ডিপো স্থাপন করা হবে জানিয়ে সচিব বলেন, ডিপোর জন্য ২২ হেক্টর জমি অধিগ্রহণ করা হবে।
বিভিন্ন পরিবেশবাদী সংগঠন এবং নগর পরিকল্পনাবিদরা বলে আসছেন, নতুন রুটের ফলে সংসদ ভবনের মূল নকশা ক্ষতিগ্রস্ত হবে।
তবে ইতিমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে জানান, নকশায় কোনো পরিবর্তন আনা হবে না। প্রয়োজনে উচ্চতা কমিয়ে দেওয়া হবে।
২০ কিলোমিটার দীর্ঘ মেট্রোরেল রুটে ১৬টি স্টেশন থাকবে। ইতিমধ্যে মেট্রোরেল স্থাপনে সরকার ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ নামে একটি নতুন আইন প্রণয়ন করেছে। গত ৮ ফেব্রুয়ারি আইনটি জাতীয় সংসদে পাশ হয়। এর পরদিন মেট্রোরেল প্রকল্পের সাংগঠনিক কাঠামো (এসপিও) অনুমোদন করে মন্ত্রিসভা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/পিডি/১৮৫৮ ঘ.
bdnews24