মামুনুর রশীদ
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, ফেব্রুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একুশে বইমেলায় প্রকাশিত বইয়ের সংখ্যা আগের চেয়ে বাড়লেও সেই অনুপাতে বইয়ের মান বাড়েনি বলে খেদ প্রকাশ করেছেন সুলতানা কামাল।
সোমবার বিকালে মেলা প্রাঙ্গণে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে কথায় পাইরেসি বন্ধের কার্যকর পদক্ষেপের ওপরও জোর দেন তিনি।
মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল বিকালে বইমেলায় সংগঠনের স্টলে কিছু সময় ছিলেন। এবারের মেলায় এটাই তার প্রথম আসা বলে জানান।
তত্ত্বাবধায়ক সরকারেরর সাবেক উপদেষ্টা সুলতানা কামালের দুটি বই এবার বইমেলায় এসেছে। এর একটি হচ্ছে ইত্যাদি প্রকাশন থেকে প্রবন্ধ সংকলন ‘মানবাধিকার সুশাসন ও গণতন্ত্র’ এবং অন্যটি নারীদের আইনি অধিকার নিয়ে আইন ও সালিশ কেন্দ্র থেকে প্রকাশিত ‘মানবীর নিঃশঙ্ক মন’।
বইয়ের মানের বিষয়ে জানতে চাইলে সুলতানা কামাল বলেন, “আমাদের প্রকাশনা শিল্প এখন অনেক সমৃদ্ধ হয়েছে। প্রযুক্তির উৎকর্ষে এই শিল্প এখন অনেক বর্ণিল। বইয়ের ছাপার মানও বেড়েছে।”
“তবে আগের চেয়ে এখন অনেক বেশি বই প্রকাশিত হলেও সেই তুলনায় গুণগত মান অর্জিত হয়নি,” বলেন তিনি।
মননশীল বই প্রকাশে প্রকাশকদের পাশাপাশি পাঠকের সচেতনতাও প্রয়োজন বলে মনে করেন কবি সুফিয়া কামালের এই মেয়ে।
তিনি বলেন, “গুণগত মান অর্জনের জন্য প্রকাশকদের যতখানি ভূমিকা রয়েছে, আমি মনে করি, আমাদের পাঠকদেরও ভূমিকা এক্ষেত্রে কম নয়। পাঠকের রুচি, চাহিদাও এখানে যথেষ্ট গুরুত্বপূর্ণ। তাই ভালো মানের বই পেতে প্রকাশকের পাশাপাশি পাঠককেও সচেতন হতে হবে।”
আইন বিষয়ে ডিগ্রিধারী সুলতানা কামাল পাইরেসির বিষয়ে বলেন, “এটা যে কোনো মূল্যে, যে কোনো পরিস্থিতিতে বন্ধ করা উচিত। অনেক সময় আমাদের সুবিধা বিবেচনায় এটা নিয়ে নিশ্চুপ থাকি। কিন্তু আমাদের মনে রাখতে হবে, এটি একটি দুর্নীতি।”
পাইরেসি বন্ধে সচেতনতার পাশাপাশি বইয়ের দাম পাঠকের নাগালের মধ্যে রাখার ওপরও জোর দেন তিনি।
প্রকাশনা শিল্পের সরকারি মনোযোগের বিষয়ে সুলতানা কামাল বলেন, “আমি যতদূর জানি কখনো কখনো সরকার এদিকে (প্রকাশনা শিল্প) মনোযোগ দিয়েও থাকে। এই ক্ষেত্রে সরকারের অর্থনৈতিক সামর্থ্যও আমাদের বিবেচনায় রাখতে হবে।”
“তবে আমাদের সম্পদগত সামর্থ্য বিবেচনায় সেটা যেন অনেক বেশি সৃজনশীল কাজে ব্যয়িত হয়, সেদিকে খেয়াল রাখা প্রয়োজন,” বলেন তিনি।
সুলতানা কামাল আরো বলেন, “বর্তমানে বিশ্বায়নের যুগে ভোগবাদের প্রাধান্য। আমরা নিজেরাও এই দিকে ঝুঁকে গেছি। তাই প্রকাশনা কিংবা সৃজনশীল যে কোনো শিল্পে ব্যক্তিগত উদ্যোগ এবং সচেতনতার পাশাপাশি সম্মিলিতভাবে সামাজিক এবং রাজনৈতিক সচেতনতাও প্রয়োজন।”
অমর একুশে গ্রন্থমেলাকে ‘বাঙালির প্রাণের মেলা’ আখ্যায়িত করে মেলার পরিসর বাড়ানোর পরামর্শ দেন তিনি।
সুলতানা কামাল বলেন, “এখন প্রকাশক বেড়েছে, লোক সমাগমও বেড়েছে, ভবিষ্যতে আরো বাড়বে। সেক্ষেত্রে বাংলা একাডেমীকে কেন্দ্রে রেখে পরিসর বাড়ানোর কথা ভাবা যেতে পারে।
“এতে লোকজনের স্বচ্ছন্দ চলাচল নিশ্চিত করার সঙ্গে সঙ্গে মেলার পরিবেশেও উন্নত হবে,” মনে করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এমআই/১৮৩৫ ঘ.
bdnews24