ঢাকা, ফেব্রুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট মোহাম্মদ ওয়াহিদ হাসান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সোমবার টেলিফেন করেছেন।
বাংলাদেশ সময় বিকাল পৌনে ৪টায় দুই নেতার আলোচনা হয় বলে প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানিয়েছেন।
মোহাম্মদ নাশিদের পদত্যাগের পর ভারতীয় দ্বীপরাষ্ট্রটির প্রেসিডেন্টের দায়িত্বে আসা ওয়াহিদের এটাই শেখ হাসিনার সঙ্গে প্রথম সংলাপ।
সার্ক সদস্য রাষ্ট্র মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট ওয়াহিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সহযোগিতা চেয়েছেন বলে জানান আবুল কালাম।
কমনওয়েলথভুক্ত দেশ হিসাবে মালদ্বীপে সাংবিধানিক শাসন ও গণতন্ত্র যেন অব্যাহত থাকে, সেজন্য সচেষ্ট থাকতে ওয়াহিদ হাসানের প্রতি আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা।
একই সঙ্গে মালদ্বীপে বসবাসরত বাংলাদেশিসহ অন্যান্য দেশের নাগরিকদের মানবাধিকার নিশ্চিত করার আহ্বানও জানান তিনি।
ওয়াহিদ হাসান সে দেশে বসবাসরত বাংলাদেশিসহ অন্যান্য দেশের নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে শেখ হাসিনাকে আশ্বস্ত করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৭৫৫ ঘ.
bdnews24