ঢাকা, ফেব্রুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংবাদিকতা, সাহিত্য, সাংস্কৃতিক আন্দোলন আর সাম্যবাদের সংগ্রাম- জীবনের শাখায় শাখায় বলিষ্ঠ বিচরণ শেষে চিরবিশ্রামে গেলেন ফয়েজ আহমদ, যিনি মৃত্যুর আগে দান করে গেছেন নিজের চোখ ও দেহ।
ফয়েজ আহমদের ব্যক্তিগত সহকারী আতিকুর রহমান সোহেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ৮৪ বছর বয়সী এই সাংবাদিক দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। অসুস্থ বোধ করায় সোমবার ভোরে তাকে বারডেম হাসপাতালে নেওয়া হয়। ৫টার দিকে চিকিৎসকরা জানান, তিনি আর নেই।
১৯২৮ সালের ২ মে মুন্সীগঞ্জে জন্মগ্রহণ করেন ফয়েজ আহমদ। বাংলাদেশ সংবাদ সংস্থার প্রতিষ্ঠাকালীন প্রধান সম্পাদক ফয়েজের হাত ধরেই পিকিং রেডিওতে (বর্তমান বেইজিং রেডিও) বাংলা ভাষায় অনুষ্ঠান প্রচার শুরু হয়।
১৯৪৭ সালে দেশভাগের পর কমিউনিস্ট পার্টিতে যোগ দেন ফয়েজ। একাত্তরে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ছাড়াও পরবর্তীতে নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনেও সক্রিয় ছিলেন তিনি। সম্মিলিত সাংস্কৃতিক জোট গঠন করে এই আন্দোলনের দিক-নির্দেশনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। তিনি ছিলেন জোটের প্রতিষ্ঠাতা সভাপতি।
খ্যাতিমান এই সাহিত্যিকের প্রকাশিত বইয়ের সংখ্যা শতাধিক। তার চার খণ্ডের প্রবন্ধ সঙ্কলন ‘মধ্যরাতের অশ্বারোহী’ ব্যাপক পরিচিতি পায়। শিশুদের জন্যও লিখেছেন বিস্তর। সাহিত্যে অবদানের জন্য পেয়েছেন বাংলা একাডেমী ও শিশু একাডেমী পুরস্কারসহ বিভিন্ন পুরস্কার। সাংবাদিকতায় অবদানের জন্য পেয়েছেন একুশে পদক।
ফয়েজ আহমদের মৃত্যুতে রাষ্ট্রপতি জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া, স্পিকার মো. আবদুল হামিদ, ডেপুটি স্পিকার শওকত আলী, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, আইনমন্ত্রী শফিক আহমেদ, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদসহ মন্ত্রীরা শোক প্রকাশ করেছেন।
ফয়েজের দল বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সাংস্কৃতিক সংগঠন এই মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
সাংবাদিকতা-সাহিত্য-রাজনীতিসহ বহু ধারায় বিচরণকারী এই মানুষটির নিজের সংসার করা হয়নি। চার ভাই ও পাঁচ বোনের মধ্যে তিনি ছিলেন পঞ্চম। জীবনে বিচিত্র অভিজ্ঞতায় পূর্ণ এই মানুষটি মৃত্যুর আগেই তার চোখ সন্ধানীতে এবং দেহ বাংলাদেশ মেডিক্যাল কলেজকে দান করে যান।
দান করা চোখের একটি ইতোমধ্যেই অন্য একজনকে দেওয়া হয়েছে বলে ফেইসবুকে এক স্ট্যাটাসে জানিয়েছেন তার ভাইয়ের ছেলে রুমি নোমান।
ব্যক্তিগত সহকারী সোহেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ৯টায় পর হাসপাতাল থেকে ফয়েজ আহমদের মরদেহ নিয়ে যাওয়া হয় ধানমন্ডির শিল্পাঙ্গন গ্যালারিতে। তিনি ছিলেন এই গ্যালারির প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সিপিবির সভাপতি মনজুরুল আহসান খান, সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম, আওয়ামী লীগ নেতা ও অভিনেতা আসাদুজ্জামান নূর, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী, ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী, গ্যালারি চিত্রকের পরিচালক মনিরুল ইসলাম ও বেঙ্গলের সুবীর চৌধুরী শেষবারের মতো ফয়েজ আহমদকে দেখতে শিল্পাঙ্গনে যান।
কামাল লোহানী বলেন, “ফয়েজ ভাই সারাজীবন আদর্শিক রাজনীতির অনুসারী ছিলেন। তার লেখায় ও চলনে তার প্রতিফলন ঘটেছে। তিনি সারাজীবন যুদ্ধাপরাধীদের বিপক্ষে অবস্থান নিয়েছেন। যুদ্ধাপরাধীদের শাস্তি দেখে যেতে পারলে তিনি হয়ত শান্তি পেতেন।”
যুদ্ধাপরাধীদের বিচারের দাবি এবং দেশ গঠনে প্রয়াতের বলিষ্ঠ ভূমিকা স্মরণ করেন মেনন।
ফয়েজ আহমদের জানাজা হয় দুপুর ১২টায়, জাতীয় প্রেসক্লাবের সামনে।
অর্থমন্ত্রী, তথ্যমন্ত্রী, অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু, আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান ও জাতীয় গণফ্রন্টের সভাপতি টিপু বিশ্বাস এবং বিভিন্ন সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা এ সময় তার প্রতি শেষ শ্রদ্ধা জানায়।
এরপর ফয়েজ আহমেদের মরদেহ নিয়ে যাওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে। সেখানে তার প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে এক মিনিট নিরবতা পালন করে বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা।
আওয়ামী লীগের পক্ষে যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, বিএনপির পক্ষে ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান, মুক্তিযুদ্ধ জাদুঘরের পক্ষে আসাদুজ্জামান নূর, এফডিসির মহাপরিচালক ম হামিদ, ঘাতক দালাল নির্মূল কমিটির নির্বাহী সভাপতি শাহরিয়ার কবির, নাট্য ব্যক্তিত্ব আতাউর রহমান, আলী যাকের, চিত্রশিল্পী রফিকুন নবী, ভাস্কর শামীম শিকদার, অধ্যাপক মুনতাসির মামুন, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক ও বাহাউদ্দিন নাছিম এ সময় ফয়েজ আহমদের প্রতি শেষ শ্রদ্ধা জানান।
শাহরিয়ার কবির বলেন, “ভাষা আন্দোলন থেকে স্বৈরাচার বিরোধী আন্দোলন পর্যন্ত প্রতিটি আন্দোলন-সংগ্রামে ফয়েজ আহমদ ছিলেন নিবেদিতপ্রাণ। যুদ্ধাপরাধীদের বিচারে গণআদালত গঠনে তিনি ছিলেন অন্যতম উদ্যোক্তা। আমরা তার দেখানো পথেই চলব।”
নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু বলেন, “দেশের সাংস্কৃতিক কর্মী ও রাজনৈতিক কর্মীদের একত্রিত করে ফয়েজ আহমদই আমাদের শিখিয়েছেন- কীভাবে ঐক্যবদ্ধ থাকতে হয়।”
অপরাজেয় বাংলার পাদদেশে ঘোষণা দেওয়া হয়, আগামী ২৫ ফেব্রুয়ারি বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ফয়েজ আহমদ স্মরণে নাগরিক শোকসভার আয়োজন করা হবে।
বেলা ২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ফয়েজ আহমদের কফিন নিয়ে যাওয়া হয় পল্টনে তার দল কমিউনিস্ট পার্টির কার্যালয়ে। সেখানে বাম দলগুলোর পক্ষ থেকে তাকে শেষ শ্রদ্ধা জানানো হয়।
সিপিবির সভাপতি মনজুরুল আহসান খান, সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম, সাম্যবাদী দলের পক্ষে দিলীপ বড়–য়া, ওয়ার্কাস পার্টির পক্ষে রাশেদ খান মেনন ছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ড. মঈন খান এ সময় উপস্থিত ছিলেন।
সাংবাদিক আবদুল গাফফার চৌধুরী ও সমকাল সম্পাদক গোলাম সারওয়ারও তাদের এই সাবেক সহকর্মীর প্রতি শেষ শ্রদ্ধা জানান এ সময়।
আবদুল গাফফার চৌধুরী বলেন, আগামী যে কোনো সংগ্রামে ফয়েজ আহমদ এ জাতির জন্য অনুপ্রেরণা হয়ে থাকবেন।
শ্রদ্ধা জানানো শেষে সিপিবি কার্যালয়ের সামনেই নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সেলিম হোসেনের উপস্থিতিতে গার্ড অব অনার দিয়ে রাষ্ট্রীয় সম্মান জানানো হয় ফয়েজ আহমদের প্রতি। এ সময় বিউগলে বাজানো হয় করুণ সুর।
সবশেষে ফয়েজ আহমদের মরদেহ নিয়ে যাওয়া হয় বাংলাদেশ মেডিক্যালে, যেখানে দেহ দান করে যাওয়া ছিল তার শেষ ইচ্ছা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এএইচএ/এসইউ/জেকে/১৭০০ ঘ.
bdnews24