২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোলাম আযমের ‘প্রশংসাকারী’ এসআইকে প্রত্যাহার

যুদ্ধাপরাধে অভিযুক্ত জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমকে দেশের শীর্ষ বুদ্ধিজীবী অভিহিত করা এক পুলিশ কর্মকর্তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2012, 06:37 PM

Updated : 24 Aug 2022, 10:48 AM

বরিশাল, ফেব্রুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধে অভিযুক্ত জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমকে দেশের শীর্ষ বুদ্ধিজীবী অভিহিত করা এক পুলিশ কর্মকর্তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। রোববার দায়িত্ব থেকে প্রত্যাহারের পর বরিশাল পুলিশ লাইনে সংযুক্ত করা উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান কোতোয়ালি মডেল থানার কর্মরত ছিলেন। মহানগর পুলিশের কমিশনার সৈয়দ তৌফিক উদ্দিন আহমেদ তার প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন। জামায়াতে ইসলামীর সাবেক আমীর গোলাম আযম একাত্তরে যুদ্ধাপরাধের অভিযোগে আটক রয়েছেন। গোলাম আযমকে দেশের শীর্ষ বুদ্ধিজীবী বলার ‘অভিযোগে’ হাবিবের বিরুদ্ধে স্থানীয় বিভিন্ন দৈনিকে সংবাদ প্রকাশিত হয়। পুলিশ কমিশনার বলেন, তদন্তে ‘অভিযোগ’ প্রমাণিত হওয়ায় রোববার রাতে হাবিবকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। গত ১৬ ফেব্র“য়ারি বরিশাল আদালত চত্বরে দায়িত্ব পালনকালে গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে গোলাম আযম ও তার ছেলেদের প্রশংসা করেন কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান। এক পর্যায়ে তিনি গোলাম আযমকে দেশের শীর্ষ বুদ্ধিজীবী হিসেবেও অভিহিত করেন। খবরটি পরদিন (১৭ ফেব্র“য়ারি) স্থানীয় কয়েকটি দৈনিকে প্রকাশিত হলে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়। এই পরিপ্রেক্ষিতে রোববার (১৮ ফেব্র“য়ারি) অনুষ্ঠিত কোতোয়ালি মডেল থানার ওপেন হাউজ ডে’র মুক্ত আলোচনায় বিষয়টি নিয়ে কথা হয়। এ সময় হাবিবেব বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন পুলিশ কমিশনার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৩৫ ঘ.