মারুফ মল্লিক
বন থেকে
বন, ফেব্রুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার-মেহেরুন রুনি হত্যার এক সপ্তাহ পরও কেউ গ্রেপ্তার না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে জার্মান প্রবাসীরা।
জার্মানির বন শহরের ডুইসডর্ফে রোববার সাগর-রুনি দম্পতির স্মরণে আয়োজিত এক সভায় উদ্বেগ প্রকাশের পাশাপাশি অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তারে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
জার্মানির আন্তর্জাতিক স¤প্রচার মাধ্যমে ডয়চে ভেলের বাংলা বিভাগে তিন বছর পেশাগত দায়িত্ব পালনের পর গত বছরের মাঝামাঝি দেশে ফিরে আসেন সাগর।
স্মরণসভায় জার্মান প্রবাসী বাংলাদেশিরা ছাড়াও এ সাংবাদিক দম্পতির পরিচিত জার্মানরা উপস্থিত ছিলেন।
গত ১০ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজ বাসায় খুন হন সাগর-রুনি। পরদিন সকালে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ৪৮ ঘণ্টার মধ্যে খুনি গ্রেপ্তারের জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।
তবে আটদিন পার হলেও এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ।
এতে ক্ষোভ প্রকাশ করে স্মরণসভায় সাগরের ডয়চে ভেলের সহকর্মী সুপ্রিয় বন্দোপাধ্যায় বলেন, “অবাক হচ্ছি, হত্যাকাণ্ডের পর সপ্তাহ পেরিয়ে গেলেও কেউ ধরা পড়লো না।”
স্মরণসভায় আরেক সহকর্মী মারুফ আহমেদ খুনি গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে বলেন, “এখনো একটা কিছু করতে পারলো না। এটা অত্যন্ত লজ্জার।”
অধ্যাপক শরিফুল ইসলাম বলেন, “খুনিদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করা হবে- সেই দিনের অপেক্ষায় আছেন তিনি।”
সভায় সাগর-রুনির বন্ধু ও প্রতিবেশী হেলেন স্মিডট ও অধ্যাপক এফা লুক্স স্মৃতিচারণ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএম/এএইচ/২৩১১ ঘ.
bdnews24