সাভার, ফেব্র“য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার সাভারে পৃথক অভিযানে অস্ত্র ও হেরোইন উদ্ধার এবং তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার রাত ও রোববার ভোরে বেগুনবাড়ী ও হেমায়েতপুর থেকে গ্রেপ্তাররা হলেন- আমিনবাজারের শেখ ফরিদ ওরফে সানোয়ার (৪২), মো. জুলহাস (২৬) ও তোফাজ্জেল হোসেন (২৩)।
তাদের কাছ থেকে চারটি শুটারগান, একটি রিভলবার, সাত রাউন্ড গুলি ও ৭০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
র্যাব-৪ সাভার ক্যাম্প অধিনায়ক মেজর মো. আরিফুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার ভোর সোয়া ৪টার দিকে আমিনবাজার ইউনিয়নের বেগুনবাড়ী মহল্লা থেকে সানোয়ারকে গ্রেপ্তার করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী কক্ষ তল্লাশি করে একটি রিভলবার, একটি শুটারগান ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এছাড়া ভোর সোয়া ৫টার দিকে হেমায়েতপুর বাসস্ট্যান্ড সংলগ্ন মো. টুটুল মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে তিনটি শুটারগান ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে টুটুল পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও তিনি জানান।
এর আগে শনিবার রাত ৮টার দিকে সাভারের মাদক স্পট নামে খ্যাত মজিদপুরের খসরুবাগান মহল্লায় অভিযান চালিয়ে জুলহাস ও তোফাজ্জেল হোসেন নামে দুই মাদক ব্যবসায়ীকে ৭০০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করা হয়।
এ দুইটি ঘটনায় সাভার মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান মেজর আরিফ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/২৩০০ ঘ.
bdnews24