২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সরকারি হাসপাতালে ইউজার ফি আদায় অবৈধ’

সরকারি হাসপাতাল ও ক্লিনিকে রোগীদের কাছ থেকে ইউজার ফি আদায়কে অবৈধ ঘোষণা করেছে হাই কোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2012, 02:24 PM

Updated : 24 Aug 2022, 10:48 AM

ঢাকা, ফেব্রুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সরকারি হাসপাতাল ও ক্লিনিকে রোগীদের কাছ থেকে ইউজার ফি আদায়কে অবৈধ ঘোষণা করেছে হাই কোর্ট। রোববার এ সংক্রান্ত এক রুলের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরি ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ এ রায় দেয়। রিটকারীর আইনজীবী মনজিল মোরশেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুইটি যুক্তির ভিত্তিতে এটা অবৈধ ঘোষণা করা হয়েছে। প্রথমত এর কোনো আইনী ভিত্তি নেই। দ্বিতীয়ত, সংবিধানে জনগণের স্বাস্থ্য সুরক্ষার দায়িত্ব সরকারকে দেওয়া হয়েছে।” ইউজার ফি নেওয়ার মাধ্যমে মানুষের সেই সাংবিধানিক অধিকার লঙ্ঘিত হচ্ছে বলেও মন্তব্য করেন এ আইনজীবী। এর আগে মানবাধিকার সংগঠন ‘হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশ’ এর করা রিট আমলে নিয়ে ২০১০ সালের ২ ডিসেম্বর হাই কোর্ট এ সংক্রান্ত রুল জারি করেছিল। ওই রুলের শুনানি শেষে এই রায় দেওয়া হয়। চিকিৎসকদের সংগঠন ‘সোসাইটি অফ রেডিওলজি এন্ড ইমেজিং’ এবং ‘সোসাইটি অব প্যাথোলজি’র পক্ষে আব্দুল বাসেত মজুমদার শুনানিতে অংশ নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরআরডি/২০২২ ঘ.