সিরাজগঞ্জ, ফেব্র“য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জে নির্মাণাধীন একটি সরকারি শিশুপার্কের জমি নিজের দাবি করে সেখানে সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছেন হাইকোর্টের এক সহকারী অ্যাটর্নি জেনারেল।
এ ঘটনায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন।
শনিবার বিকালে সহকারী অ্যাটর্নি জেনারেল শহিদুল ইসলাম খান তার প্রতিষ্ঠিত সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার শহিদুল বুলবুল ডিগ্রি কলেজের কয়েকজন প্রভাষককে সঙ্গে শিশুপার্কের প্রধান গেটে বিশাল আকৃতির সাইনবোর্ড ঝুলিয়ে দেন।
জায়গার মালিকানা দাবি করে তিনি সাংবাদিকদের বলেন, “আমি ও আমার আত্মীয়স্বজন এই সম্পত্তির মালিক। চারদলীয় জোট সরকারের আমলে অন্যায়ভাবে এখানে শিশুপার্ক স্থাপন করা হয়েছিলো।”
এই সম্পত্তির ওপর হাইকোর্টের স্থগিতাদেশ রয়েছে জানিয়ে তিনি বলেন, “আমাদের সম্পত্তিতে আমাদের সাইনবোর্ড লাগিয়েছি। এতে কারো কিছু বলার থাকতে পারে না।”
২০০৫ সালে চারদলীয় জোটের শাসনামলে কাটাখালি দখলমুক্ত করার পর এর দু’পাশে ইটের রাস্তা নির্মাণ করে সৌন্দর্য বর্ধন করা হয়। একই সময় ইলিয়ট সেতুর দক্ষিণ পাশের জায়গাটি শিশু পার্কের জন্য নির্ধারণ করে সেখানে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে কিছু অবকাঠমো নির্মাণসহ শিশুদের বিনোদনের জন্য বিশাল আকৃতির বৈদ্যুতিক নাগরদোলা স্থাপন করা হয়।
নাট্য ফেডারেশনের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদ উদ্দিন পবলু বলেন, “হঠাৎ শিশুপার্কের প্রবেশ পথে বিশাল আকৃতির সাইনবোর্ড লাগিয়ে মালিকানা দাবির বিষয়টি আমাদের বোধগম্য নয়।”
এ ঘটনায় সিরাজগঞ্জে সাংস্কৃতি চর্চা বাধাগ্রস্ত হবে বলে মন্তব্য করেন তিনি।
সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) উম্মে সালমা তানজিয়া বলেন, “শিশুপার্কটির জমি সরকারি সম্পত্তি। সহকারী অ্যাটর্নি জেনারেল শহিদুল ইসলাম খান কীভাবে ওই জমির মালিক হলেন সে বিষয়ে কিছু না জানিয়ে তড়িঘড়ি করে সেখানে সাইনবোর্ড লাগানো হয়েছে।”
সাইনবোর্ডটি প্রত্যাহারের জন্য শহিদুল ইসলাম খানকে নোটিস দেওয়া হবে বলেও জানান তিনি।
উম্মে সালমা তানজিয়া বলেন, “নোটিস পাওয়ার পর পদক্ষেপ না নিলে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এএল/১৬৫৪ ঘ.
bdnews24