ঢাকা, ফেব্রুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ত্রিপুরা-ব্রাহ্মণবাড়িয়া সীমান্তের আখাউড়ায় নো ম্যান্স ল্যান্ডে একুশে ফেব্র“য়ারি এক অনুষ্ঠানের মাধ্যমে ভারত ও বাংলাদেশ যৌথভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করবে।
সীমান্তের দুই পাশের মানুষের মধ্যে যোগাযোগ বাড়াতেই যৌথভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠান করার এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এ অনুষ্ঠানের আয়োজক সংস্থা তিতাস আবৃত্তি সংস্থা ও নিহারিকা লিটল ম্যাগাজিন কর্তৃপক্ষ রোববার আখাউড়া সীমান্তে প্রস্তুতি বৈঠক করে। পরে নিহারিকার সম্পাদক শুভ্রজিত ভট্টাচার্য বলেন, “প্রথমবারের মতো সীমানার জিরো পয়েন্টে এ অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে। একসঙ্গে ভাষা শহীদদের স্মরণের মাধ্যমে দুই দেশের মধ্যে সম্পর্ক আরো জোরদার করাই আমাদের এ আয়োজনের লক্ষ্য।”
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকাল ৮টায় ইমিগ্রেশন চেক পোস্টের কাছে জিরো পয়েন্টে এই সাংস্কৃতিক অনুষ্ঠানে দুই দেশের শিল্পীরা গান, নাচ ও আবৃত্তি পরিবেশন করবেন।
ত্রিপুরা বিধানসভার সদস্য পবিত্র কর সাংবাদিকদের বলেন, “আমরা সীমানা দিয়ে আলাদা, কিন্তু আমাদের ভাষা ও সংস্কৃতি এক। মাতৃভাষা দিবসে সীমান্তের দ্ইু পাশের বাংলাভাষী মানুষেরা এক হবে।”
ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্সের সভাপতি জাহাঙ্গীর আলম ভূঁইয়া বলেন, “গত কয়েক বছরে দুই দেশের মধ্যে বাণিজ্য ও যোগাযোগ অনেক বেড়েছে। একসঙ্গে মাতৃভাষা দিবস উদযাপনের মধ্যে দিয়ে বাংলাদেশ ও ভারতের জনগণ আরও কাছে আসবে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসইউ/১২৪৯ ঘ.
bdnews24