নরসিংদী, ফেব্রুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিলম্বে খাতা দেওয়া এবং সময় শেষ হওয়ার আগে খাতা নেওয়ার অভিযোগে নরসিংদীর একটি কেন্দ্রে পরীক্ষার্থীরা ভাংচুর চালালে ১৫টি খাতা খোয়া গেছে।
তবে কেন্দ্র সচিব বিলম্বে খাতা দেওয়া এবং সময় শেষের আগে নিয়ে নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন।
রোববার জেলা শহরের সাটিরপাড়া সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী পুলিশ সুপারের উপস্থিতিতেই ক্ষুব্ধ পরীক্ষার্থীরা এ ঘটনা ঘটায়।
ঘটনার পরপরই অভিভাবকরা পরীক্ষা কেন্দ্রে ছুটে আসেন। এ সময় পুলিশের পিটুনিতে অভিভাবকসহ ১০ পরীক্ষার্থী আহত হয়। এ ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
পরীক্ষার্থী কনক দাস ও মাহবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পরীক্ষা শুরু হওয়ার বেশ কিছু পরে তারা খাতা পান। কিন্তু পরীক্ষা শেষ হওয়ার নির্ধারিত সময়ের ১০ মিনিট আগেই তাদের খাতা নিয়ে নেওয়া হয়।
এছাড়া কেন্দ্রসচিব ও সাটিরপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতম মিত্র হলে ঢুকে তাদের বিরক্ত করেন বলে অভিযোগ করেন পরীক্ষার্থীরা।
খায়রুল হাসান নামে এক অভিভাবক জানান, পরীক্ষার খাতা বিলম্বে দেওয়া হয় এবং পরীক্ষা শেষ হওয়ার ১০ মিনিট আগেই খাতা নিয়ে যায়। তাই ক্ষুব্ধ হয়ে পরীক্ষার্থীরা ভাংচুর চালিয়েছে।
তিনি এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।
পরীক্ষার্থীদের অভিযোগ অস্বীকার করে কেন্দ্রসচিব গৌতম মিত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার পদার্থ বিজ্ঞান, ব্যবসায় পরিচিতি ও ইতিহাস পরীক্ষার খাতা যথাসময়ে পরীক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়েছে।
অবৈধ সুবিধা না দেওয়ায় পরীক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে কেন্দ্রে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। এসময় ১৫টি খাতা লুট হয়। ছয়টি কক্ষ ছাড়াও পুলিশের গাড়ি ভাংচুর করা হয় বলে জানান তিনি।
জেলা প্রশাসক ওবায়দুল আজম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনা তদন্তে নরসিংদীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আলী আহসানকে দায়িত্ব দেওয়া হয়েছে।
তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়া হবে বলে জানান জেলা প্রশাসক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৭১২ ঘ.
bdnews24