২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ এইজের লেখায় অবমাননা হয়েছে

ডেভিড বার্গম্যানের লেখায় আদালত অবমাননা হয়েছে বলে ট্রাইব্যুনাল মনে করলেও আপাতত শুধু সাবধান করে দেওয়া হয়েছে লেখক এবং সেই সঙ্গে সম্পাদক নুরুল কবীরকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2012, 05:51 AM

Updated : 24 Aug 2022, 10:49 AM

ঢাকা, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ট্রাইব্যুনাল নিয়ে ইংরেজি দৈনিক নিউ এইজে প্রকাশিত বিশেষ প্রতিবেদনে আদালত অবমাননা হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তবে পেশাগত ভাবমূর্তির কথা বিবেচনা করে প্রতিবেদনের লেখক ডেভিড বার্গম্যান এবং সম্পাদক নুরুল কবীরকে আপাতত শুধু সাবধান করে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আদালত অবমাননা বিষয়ক শুনানি শেষে রোববার ট্রাইব্যুনাল আদেশ দেয়। প্রতিবেদন প্রকাশের সময়টাতে প্রকাশক এ এস এম শহীদুল্লাহ খান বাদল দেশে ছিলেন না বলে তার কোনো দোষ পায়নি ট্রাইব্যুনাল। গত ২ অক্টোবর জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে যুদ্ধাপরাধ অভিযোগ গঠন নিয়ে নিউ এইজে বার্গম্যানের ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দুঃসময়’ (A crucial period for the International Crimes Tribunal) শিরোনামের একটি লেখা প্রকাশ হয়। পরদিনই পত্রিকাটির প্রকাশক শহীদুল্লাহ খান, নুরুল কবির ও ডেভিড বার্গম্যানকে এ নোটিস দেয় ট্রাইব্যুনাল। ওই তিন জনকে কেন আদালত অবমাননার দায়ে অভিযুক্ত করা যাবে না, তার ব্যাখ্যা চাওয়া হয়। ওই নোটিসের জবাব দিতে তিন জনই আদালতে হাজির হয়ে তাদের বক্তব্য উপস্থাপন করেন। ট্রাইব্যুনাল বলেছে, প্রকাশিত ওই লেখার মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ভাবমূর্তি ক্ষুণœ হয়েছে। অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হলেও এই সিদ্ধান্তকে ট্রাইব্যুনালের দুর্বলতা বলে মনে না করতে সবাইকে স্মরণ করিয়ে দিয়েছে আদালত। একাত্তরের যুদ্ধাপরাধের বিচারে গঠিত এই ট্রাইব্যুনালের প্রধান বিচারপতি নিজামুল হক বলেছেন, বড় এই দায়িত্ব পালনের ক্ষেত্রে সমাজের সব স্তরের সহযোগিতা পাওয়ার প্রত্যাশা থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। রোববার নির্ধারিত দিনে আদেশ দেওয়ার সময় শহীদুল্লাহ খান এবং বার্গম্যানকে আদালতে দেখলেও নুরুল কবীরকে না দেখে আদালত আইনজীবীর কাছে তার অনুপস্থিতির কারণ জানতে চান। তখন আইনজীবী মুস্তাফিজুর রহমান বলেন, তিনি পথে রয়েছেন, কিছু সময়ের মধ্যে পৌঁছে যাবেন। নুরুল কবীরের ট্রাফিক জ্যামে আটকা পড়ার কথা শুনে বিচারক বলেন, বিষয়টিকে এত হালকাভাবে নেওয়া ঠিক হচ্ছে না। নুরুল কবীর আদালতে ঢুকতেই বিচারক বলেন, অবশেষে তিনি হাজির হয়েছেন। আদেশে আদালত বার্গম্যানের লেখা ধরে বলেছে, এই প্রতিবেদনে সাক্ষীদের সংখ্যা নিয়ে গুরুতর প্রশ্ন তোলা হয়েছে। এছাড়া বিচারকদের সততা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। দুটি ক্ষেত্রেই যথার্থ ভিত্তি ছাড়াই প্রশ্ন তোলা হয়েছে বলে ট্রাইব্যুনাল মনে করছে। তবে একইসঙ্গে আদালত মনে করছে, বিচার বাধাগ্রস্ত করতে নয়, বরং যুদ্ধাপরাধের এই বিচার চাওয়া থেকেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন ড. কামাল হোসেনের জামাতা বার্গম্যান। আইন সম্পর্কে নুরুল কবীরের জ্ঞান পর্যাপ্ত নয় বলে মনে করেছে ট্রাইব্যুনাল। আদালতে দাখিল করা নিউ এইজ সম্পাদকের লিখিত বক্তব্য পড়েই এই মত দেওয়া হয়েছে। ট্রাইব্যুনাল বলেছে, নুরুল কবীর এই ক্ষেত্রে তার বিরুদ্ধে অভিযোগের মূল বিষয়ের দিকে আলোকপাত করেননি। এমনকি আন্তর্জাতিক আইন সম্পর্কে যথেষ্ট জ্ঞান না থাকার পরও আইনজীবী নিয়োগ না দিয়ে নিজেই শুনানিতে দাঁড়িয়েছিলেন। বিভিন্ন টক শো-তে নুরুল কবীর স্পষ্ট উচ্চারণের প্রশংসা করেও ট্রাইব্যুনাল বলেছে, এই ক্ষেত্রে বক্তব্যে আদালত অবমাননার জন্য তিনি বিন্দুমাত্র নমনীয় ছিলেন না। তিনি মনেই করছিলেন না যে আদালত অবমাননা হয়েছে। নুরুল কবীরের বক্তব্যে আবেগের মাত্রাই বেশি ছিল বলে আদালতের পর্যবেক্ষণ, যা এড়ানো উচিত ছিল বলে মনে করছে আদালত। প্রকাশক শহীদুল্লাহ খানের ক্ষেত্রে আদালত আন্দোলন-সংগ্রামে তার অবদানের কথা তুলে ধরেন এবং যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল গঠনের ক্ষেত্রেও তার অবদানের কথা স্বীকার করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এমআই/১৪৩৩ ঘ.