২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

না’গঞ্জে আ. লীগ নেতার বাড়িতে হামলা

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ব্রাহ্মণদী ইউপি চেয়ারম্যান লাট মিয়ার নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2012, 03:58 PM

Updated : 24 Aug 2022, 10:48 AM

নারায়ণগঞ্জ, ফেব্র“য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ব্রাহ্মণদী ইউপি চেয়ারম্যান লাট মিয়ার নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। শনিবার দুপুরে লেঙ্গুরদি এলাকায় এ সময় দুইটি দোকান এবং আব্দুর রশীদ ও তার ভাইয়ের আইনজীবী চেম্বারে ভাংচুর করা হয়। পুলিশের উপস্থিতিতে এই হামলা চালানো হয় বলে অভিযোগ করা হলেও পুলিশ তা অস্বীকার করেছে। অ্যাডভোকেট আব্দুর রশিদের ছোট ভাই উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি লেঙ্গুরদি আফতাবুন্নেসা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি। এই স্কুলের সঙ্গে পাশের বদরুহামান উচ্চ বিদ্যালয়ের চলাচলের একটি রাস্তা নিয়ে তার সঙ্গে ব্রাহ্মণদি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লাট মিয়ার মতবিরোধ হয়। এর জের ধরে লাট মিয়া তার টেক্সটাইল মিলের ৪/৫শ’ শ্রমিক নিয়ে তাদের পৈতৃক বাড়িতে হামলা চালান। তিনি অভিযোগ করেন, পুলিশের উপস্থিতিতে বাড়ির সামনে নিচতলায় দু’টি দোকান ও দোতলায় তার চেম্বারে ভাংচুর চালানো হয়। বাড়ির ভেতরে প্রবেশ করে তাকে খোঁজাখুজি করে। হামলার কথা স্বীকার করে আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) গিয়াসউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হামলা ও ভাংচুরের ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। তবে পুলিশের উপস্থিতিতে হামলার অভিযোগটি সঠিক নয়, বলেন তিনি। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান লাট মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৩৮ ঘ.