২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে স্ত্রী খুন, স্বামী গ্রেপ্তার

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় দাম্পত্য কলহের জের ধরে স্ত্রীকে হত্যার পর পুলিশের কাছে ধরা দিয়েছেন এক যুবক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2012, 02:52 PM

Updated : 24 Aug 2022, 10:48 AM

চাঁদপুর, ফেব্র“য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় দাম্পত্য কলহের জের ধরে স্ত্রীকে হত্যার পর পুলিশের কাছে ধরা দিয়েছেন এক যুবক। শনিবার সকালে গজরা ইউনিয়নের মৈশাদি গ্রামের বাসিন্দা বাবু (২৮) তার স্ত্রী লিপিকে (২২) হত্যার পর নিজে কমিউনিটি পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করে বলে জানান মতলব উত্তর থানার ওসি মো. রুস্তম আলী শিকদার। পরিবারের বরাত দিয়ে ওসি জানান, ক’দিন আগে লিপির কাছে একটি চিঠি আসে। সেই চিঠি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কলহের সূত্রপাত হয়। এ নিয়ে শনিবার সকালে দুজনের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে লিপির ভাই মোবাইল ফোনে বাবুকে গালাগাল দেন। এরপর এক পর্যায়ে লিপি কাপড়-চোপড় নিয়ে বাড়ি থেকে চলে যাওয়ার চেষ্টা করলে বাবু তাকে আটকে রাখেন এবং গলাটিপে হত্যা করেন, বলেন ওসি। পরে বাবু নিজেই বিষয়টি গজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড কমিউনিটি পুলিশের সভাপতি শহিদউল্লাহ প্রধানের কাছে বলেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং বাবু ঘটনা স্বীকার করায় তাকে গ্রেপ্তার করে। লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি। আটক বাবু সাংবাদিকদের জানান, কয়েকদিন আগে তার স্ত্রীর কাছে কেউ একটি চিঠি পাঠায়। এ চিঠি নিয়েই বিবাদের সূত্রপাত বলে জানান বাবু। নিহত লিপি আক্তার মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাও উত্তর ইউপির বারগাঁও গ্রামের শাহজানের মেয়ে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২০৪৯ ঘ.