ঢাকা, ফেব্রুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যার তদন্তে ‘অগ্রগতি’ না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের ওকালাহোমা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষক ও শিক্ষার্থীরা।
শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওকলাহোমা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের অ্যাসোসিয়েশন ও সেখানে কর্মরত বাংলাদেশি কয়েকজন শিক্ষক অবিলম্বে এ সাংবাদিক দম্পতির খুনি গ্রেপ্তারের দাবি জানান।
গত ১০ ফেব্র“য়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজ বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক রুনি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “একজন বন্ধুকে হারিয়ে গভীর বেদনাহত এসএবি’র সদস্যরা।”
২০০৯ সালে একদল বাংলাদেশি সাংবাদিক ওই বিশ্ববিদ্যালয়ে যান যাদের মধ্যে রুনিও ছিলেন। তাদের সম্মানে একটি অনুষ্ঠান করেছিল ওকালাহোমা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এসএবি)।
ওকলাহোমা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুশারাফ জামান, ড. মো. আতিকুজ্জামান, ড. জাহেদ সিদ্দিক এবং স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট তাহসিনা মাহমুদ চন্দ্রিমা বিবৃতিতে স্বাক্ষর করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/পিডি/২০৪৯ ঘ.
bdnews24