কক্সবাজার, ফেব্র“য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হাজার খানেক যাত্রী নিয়ে সাগরে আটকা পড়া পর্যটনতরী সোনারগাঁও ১৫ ঘণ্টা পর তীরে ফিরেছে। সারা রাত অনিশ্চয়তার মধ্যে সাগরে কাটানোর পর সকাল ৭টায় টেকনাফে ফিরে ক্ষোভ প্রকাশ করেছেন আরোহীরা।
জাহাজটির ব্যবস্থাপনা পরিচালক তোফায়েল আহমদ জানান, সেন্ট মার্টিন থেকে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় টেকনাফের পথে রওনা হওয়ার ২০ মিনিটের মাথায় সোনারগাঁওয়ের স্টিয়ারিং হুইল বিকল হয়ে যায়।
“জাহাজের স্টিয়ারিং হুইলের হাইড্রোলিক পাইপ ছিদ্র হয়ে যাওয়ায় জাহাজটি থামিয়ে দেওয়া হয়। এরপর সাগরেরই নোঙর করে রাখা হয়,” বলেন তোফায়েল।
সোনারগাঁও বিকল হওয়ার খবরে টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ ন ম নাজিম উদ্দিন ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল জাহিদ হাসানের নেতৃত্বে চারটি দল অনুসন্ধান শুরু করে। রাত ১১টার পর তারা বদরমোকাম এলাকার জাহাজটির খোঁজ পেলেও ভাটার কারণে যাত্রীদের সেখানেই অপেক্ষায় থাকতে হয়।
ইউএনও নাজিম উদ্দিন জানান, বিজিবি ও কোস্টগার্ড সদস্যদের উপস্থিতিতে সারারাত সাগরে কাটানোর পর ভোরে জোয়ার এলে কেয়ারি সিন্দবাদ নামের একটি জাহাজ ও একটি সি ট্রাকের সাহায্যে টেনে টেকনাফে নিয়ে আসা হয় সোনারগাঁওকে। সকাল ৭টার দিকে দমদমিয়া জেটিঘাটে ফেরেন যাত্রীরা।
সোনারগাঁওয়ের মালিক তোফায়েল আহমেদ বলেন, “রাতে যাত্রীদের যাতে কোনো সমস্যা না হয় আমরা সেই চেষ্টা করেছি। মহিলা যাত্রীদের রাতে ৩০টি এসি কেবিনে রাখা হয়।”
তোফায়েল ওই জাহাজে আট শতাধিক যাত্রী থাকার কথা বললেও সংশ্লিষ্টরা জানান, যাত্রী ছিল প্রায় দেড় হাজার। তীরে ফেরার পর সোনারগাঁওয়ের যাত্রীরা ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ত্র“টিপূর্ণ জাহাজ চলাচল বন্ধে প্রশাসনের উদ্যোগী হওয়া প্রয়োজন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/০০৩২ ঘ.
bdnews24