বান্দরবান, ফেব্র“য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বান্দরবানের রোয়াংছড়ি উপজেলা থেকে এক পাহাড়ি যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার বিকালে নোয়াপতং ইউনিয়নের মহিলা কারবারী পাড়া সংলগ্ন রাস্তার পাশে আচাইমং মারমার (৩০) লাশ পাওয়া যায়। আচাইমং সদর উপজেলার রাজবিলা ইউনিয়নের মনজয় পাড়ার চথোয়াই মং এর ছেলে।
শনিবার সকালে নিহতের স্ত্রী চাই চাই নু থানায় গিয়ে লাশ শনাক্ত করেন বলে পুলিশ জানিয়েছে।
রোয়াংছড়ি থানার ওসি আবদুস সাত্তার ভূঁইয়া বলেন, নিহতের শরীরে জখমের চিহ্ন রয়েছে। তাকে ধারালো কিছু দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
নিহতের স্ত্রীর অভিযোগ, তারা মনজয় পাড়ার বাসিন্দা হলেও কাজের জন্য তারা কিছুদিন থেকে আলেক্ষ্যংপাড়া এলাকায় বসবাস করেন।
বৃহস্পতিবার স্থানীয় এক বাসিন্দা কাজ করার কথা বলে বাড়ি থেকে ডেকে নেওয়ার পর তার স্বামী আর ফিরে আসেনি।
লাশ ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে রোয়াংছড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) এরশাদুল হক বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৭৪৮ ঘ.
bdnews24