২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আত্মকর্মসংস্থানে ১০ হাজার নারীকে প্রশিক্ষণ

দেশের ১০ হাজার শিক্ষিত বেকার ও সুবিধাবঞ্চিত নারীর আত্ম-কর্মসংস্থান সৃষ্টি করতে প্রশিক্ষণ কর্মসূচি শুরু করছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দু’টি সংস্থা ও ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটি (ডিআইআইটি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2012, 01:54 PM

Updated : 24 Aug 2022, 10:47 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের ১০ হাজার শিক্ষিত বেকার ও সুবিধাবঞ্চিত নারীর আত্ম-কর্মসংস্থান সৃষ্টি করতে প্রশিক্ষণ কর্মসূচি শুরু করছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দু’টি সংস্থা ও ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটি (ডিআইআইটি)। এজন্য ড্যাফোডিল ইনস্টিটিউট, জাতীয় মহিলা সংস্থা ও মহিলা বিষয়ক অধিদপ্তরের মধ্যে একটি ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর হয়েছে। এ চুক্তির আওতায় দেশের ১০ হাজার শিক্ষিত বেকার নারীদের বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হবে। জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মমতাজ বেগম, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক আশরাফ হোসেন ও ড্যাফোডিল গ্র“পের চেয়ারম্যান সবুর খান বৃহস্পতিবার বিকালে এ ত্রিপক্ষীয় চুক্তিতে সই করেন। রাজধানীর বেইলি রোডে জাতীয় মহিলা সংস্থার মিলনায়তনে অনুষ্ঠিত এ চুক্তি সই অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শিরীন শারমিন চৌধুরী বলেন, “নারীর ক্ষমতায়নে আত্মনির্ভরশীল হয়ে ওঠার কোন বিকল্প নেই। তথ্য প্রযুক্তির ব্যবহার শেখা নারীদের আত্মনির্ভরশীল হতে সহায়তা করবে। এক্ষেত্রে তাদের জন্য দ্রুত উপযুক্ত কর্মসংস্থান খুঁজে নেওয়া সম্ভব হবে।” মহিলা সংস্থার কর্মকর্তারা জানান, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার জেলা ও উপজেলা পর্যায়ের অফিসের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে। ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটি (ডিআইআইটি) নির্বাচিত এসব প্রার্থীকে তাদের নিজস্ব বিশেষজ্ঞ প্রশিক্ষকদের দিয়ে প্রশিক্ষণ দেবে। প্রশিক্ষণ শেষে উত্তীর্ণ যোগ্য ও দক্ষ প্রশিক্ষণার্থীদের জন্য চাকরির ব্যবস্থাও করবে ডেফোডিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/১৯৪৯ ঘ.