ঢাকা, ফেব্র“য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছবিসহ ভোটার তালিকার হালনাগাদের কাজ আগামী ১০ মার্চ থেকে শুরু হচ্ছে। চার ধাপে তথ্য সংগ্রহের কাজ চলবে।
বৃহস্পতিবার নতুন নির্বাচন কমিশনের প্রথম সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন।
তিনি জানান, প্রথম তিন ধাপে ১৪০টি করে উপজেলায় এবং শেষ ও চতুর্থ ধাপে ৯২ উপজেলায় (সিটি করপোরেশনসহ) বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ চলবে।
ইসির পরিকল্পনা অনুযায়ী প্রথম ধাপের তথ্য সংগ্রহের কাজ চলবে ১০ থেকে ১৯ মার্চ পর্যন্ত। দ্বিতীয় ধাপে তথ্য সংগ্রহের কাজ চলবে ১৯ থেকে ২৮ জুন পর্যন্ত। তৃতীয় ধাপে ৪ থেকে ১২ অক্টোবর এবং শেষ ধাপে ১৮ থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত তথ্য সংগ্রহের কাজ চলবে।
প্রতিটি পর্যায়ে তথ্য সংগ্রহের পর নিবন্ধন কেন্দ্রে ছবি তোলা হবে। চার পর্বে কাজ শেষ করতে আগামী বছর এপ্রিল পর্যন্ত সময় লাগবে।
নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, ভোটার তালিকার সামগ্রিক কাজ দেখভালে ইসি সচিব মোহাম্মদ সাদিককে প্রধান করে কেন্দ্রীয় সমন্বয় কমিটি তৈরি করেছে। কমিটিতে স্বরাষ্ট্র ও স্থানীয় সরকারসহ সংশি¬ষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধিদের রাখা হয়েছে।
প্রথম পর্যায়ে একশ দিন এবং বাকি তিন পর্যায়ে ৯০ দিন করে চারটি ধাপের কাজ শেষ করতে কমিশন এবার সময় নিচ্ছে মোট ৩৭০ দিন। ১৯৯৬ সালের ১ জানুয়ারির আগে যাদের জš§ বা যারা ইতিপূর্বে ভোটার হতে পারেন নি তারা এবার তালিকাভুক্ত হওয়ার সুযোগ পাবেন। পাশাপাশি মৃত ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়া হবে।
ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র প্রদান প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আখতারুজ্জামান সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এবার হালনাগাদের সময় ২০১৪ সালের জানুয়ারিতে যাদের বয়স ১৮ বছর হবে তাদেরও অন্তর্ভূক্ত করা হবে।”
তবে ২০১৩ সালের শেষ দিকে নির্বাচন হলে ওই বছরের জানুয়ারি পর্যন্ত যাদের বয়স ১৮ হবে তাদের তথ্য নিয়েই ভোটার তালিকা চূড়ান্ত করা হবে উল্লেখ করে তিনি বলেন, “আমরা তথ্য সংগ্রহ করে রাখবো; যতটুকু দরকার হবে ততটুকু ব্যবহার করব।”
২০০৮ সালে ছবিসহ ভোটার তালিকা করার পর সর্বশেষ হালনাগাদ হয় নবম সংসদের পর। দশম সংসদ নির্বাচনকে সামনে রেখে এবার তা হালনাগাদ করা হচ্ছে।
২০০৮ সালের নবম সংসদ নির্বাচনের আগে ভোটার তালিকায় নাম ছিল আট কোটি দশ লাখ ৫৮ হাজার ৬৯৮ জনের। ২০০৯ সালে হালনাগাদে তা ৫ শতাংশ বেড়ে আট কোটি ৫৭ লাখ ৭৪৭ জনে দাঁড়ায়। এবারের হালনাগাদে ৮৫ লাখ থেকে ৯০ লাখ নতুন ভোটার তালিকায় যোগ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
নবম সংসদের প্রথম অধিবেশন শুরু হয় ২০০৯ সালের ২৫ জানুয়ারি। সংবিধানের পঞ্চদশ সংশোধন অনুযায়ী ২০১৩ সালের ২৫ অক্টোবর থেকে ২০১৪ সালের ২৪ জানুয়ারির মধ্যে দশম সংসদ নির্বাচনের কথা রয়েছে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি কাজী রকিব উদ্দিন জানান, বিভক্ত ঢাকা সিটি করপোরেশন নির্বাচন নিয়ে বৈঠকে আলোচনা হয় নি। সংশি¬ষ্ট প্রস্তুতিমূলক কাজ এগিয়ে চলছে।
এ সংক্রান্ত আইনের সংশোধনীর পর ডিসিসি নিয়ে কমিশন সভায় আলোচনা হবে বলে জানান ইসি কর্মকর্তারা।
বৈঠকে অন্য চার নির্বাচন কমিশনার আবু হাফিজ, আব্দুল মোবারক, জাবেদ আলী ও মো. শাজনেওয়াজ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসইউ/১৬৫৯ ঘ.
bdnews24