২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশ্ন ফাঁস: খাদ্যে নিয়োগ পরীক্ষা বাতিল

প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী খাদ্য অধিদপ্তরের গত ২৭ জানুয়ারি নেওয়া নিয়োগ পরীক্ষাটি বাতিল করেছে মন্ত্রণালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2012, 10:45 AM

Updated : 24 Aug 2022, 10:47 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী খাদ্য অধিদপ্তরের গত ২৭ জানুয়ারি নেওয়া নিয়োগ পরীক্ষাটি বাতিল করেছে মন্ত্রণালয়। খাদ্য মন্ত্রণালয়ের খাদ্য বিভাগের সচিব বরুণ দেব মিত্রের অনুমোদনের পর বৃহস্পতিবার বিকেলে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। সিনিয়র সহকারী সচিব আবু আউয়াল স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়, “প্রশ্নপত্র ফাঁস হওয়ায় এ পরীক্ষা বাতিল করা হয়েছে।” খাদ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা স ম গোলাম কিবরিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, যাবতীয় প্রস্তুতি চূড়ান্ত করে পরীক্ষার নতুন তারিখ পরে ঘোষণা করা হবে। গত ২৭ জানুয়ারি দেশের ২১ জেলায় খাদ্য বিভাগের তৃতীয় শ্রেণীর কর্মচারী নিয়োগের লিখিত পরীক্ষা হয়। সহকারী উপ-খাদ্য পরিদর্শকের ৪২৮টি পদের বিপরীতে দুই লাখ ১৮ হাজার এবং নিম্নমান সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিকের ৫০৩টি পদের বিপরীতে ৩০ হাজার প্রার্থী ওই পরীক্ষায় অংশ নেন। এর আগের রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হল থেকে দুই শিক্ষার্থী এবং কুড়িগ্রামে আটজনকে প্রশ্নপত্রসহ গ্রেপ্তার করে পুলিশ। বিষয়টি তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়ার কথা জানিয়ে ‘জাতীয় স্বার্থে’ ওই নিয়োগ পরীক্ষা বাতিলের সুপারিশ করে তদন্ত কমিটি। খাদ্য বিভাগের অতিরিক্ত সচিব আবদুল আউয়াল হাওলাদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ওই কমিটি গত রোববার প্রতিবেদনটি সুপারিশসহ খাদ্য সচিব বরুণ দেব মিত্রের কাছে হস্তান্তর করেন। পরীক্ষা বাতিলের আদেশে বলা হয়, নতুন প্রশ্নপত্র প্রণয়ন করে খাদ্য অধিদপ্তর এ দুটি পদে দ্রুত আবারো পরীক্ষা নেবে। প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দায়ের করা মামলাগুলো সুষ্ঠু তদন্তের বিষয়ে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক সহযোগিতা করবেন। এছাড়া প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় অধিদপ্তরের কর্মকর্তাদের গাফিলতি ও ত্র“টি-বিচ্যুতির ব্যাপারে দায়-দায়িত্ব নির্ধারণের ব্যবস্থা নেবে অধিদপ্তর। সচিব বরুণ দেব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কমিটি অনেক সুপারিশ করেছে। সব সুপারিশ একবারে বাস্তবায়ন করা সম্ভব হবে না। পর্যায়ক্রমে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।” প্রশ্নপত্র ফাঁসের কারণ চিহ্নিত করতে গিয়ে ছাপার কাজের দায়িত্বপ্রাপ্ত ইসলামিক ফাউন্ডেশন ছাপাখানার নিরাপত্তাহীনতা এবং গোপনীয়তা রক্ষায় প্রশ্নপত্র বাঁধাই ও ছাপানোর সঙ্গে যুক্ত খাদ্য বিভাগের কর্মকর্তাদের ব্যর্থতার কথা উল্লেখ করা হয়েছে তদন্ত প্রতিবেদনে। তবে গ্রেপ্তার হওয়া দুই ছাত্র ছাড়া আর কাউকে সরাসরি অভিযুক্ত করেনি তদন্ত কমিটি। খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা বা সংশ্লিষ্ট ছাপাখানার কারো নামও উল্লেখ করা হয়নি। এ ধরনের তদন্ত ‘জটিল’ বলে উল্লেখ করে কমিটি পুলিশ বা পেশাদার তদন্ত সংস্থার মাধ্যমে বিষয়টি খতিয়ে দেখার সুপারিশ করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/১৬৩৫ ঘ.