২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাদ্যে নিয়োগ পরীক্ষা বাতিলের আদেশ আসছে

তদন্তে প্রশ্ন ফাঁসের সত্যতা মিলেছে জানিয়ে ২৭ জানুয়ারি অনুষ্ঠিত ওই পরীক্ষা ‘জাতীয় স্বার্থে’ বাতিলের সুপারিশ করেছে তদন্ত কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2012, 06:19 AM

Updated : 24 Aug 2022, 10:48 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়। তবে তদন্ত প্রতিবেদনে নির্দিষ্ট কাউকে দোষী না করায় এখনই কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন খাদ্য সচিব। গত ২৭ জানুয়ারি দেশের ২১ জেলায় খাদ্য বিভাগের তৃতীয় শ্রেণীর কর্মচারী নিয়োগের লিখিত পরীক্ষায় ঢাকাসহ চার জেলায় প্রশ্নপত্র ফাঁস হয়। তদন্তে ঘটনার সত্যতা পাওয়ার কথা উল্লেখ করে তদন্ত কমিটি ‘জাতীয় স্বার্থে’ ওই নিয়োগ পরীক্ষা বাতিলের সুপারিশ করে। খাদ্য বিভাগের অতিরিক্ত সচিব আবদুল আউয়াল হাওলাদারের নেতৃত্বাধীন তিন সদস্যের এই কমিটি গত রোববার প্রতিবেদনটি সুপারিশসহ খাদ্য সচিব বরুণ দেব মিত্রের কাছে হস্তান্তর করে। সচিব বরুণ দেব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কমিটি অনেক সুপারিশ করেছে। সব সুপারিশ একবারে বাস্তবায়ন করা সম্ভব হবে না। পর্যায়ক্রমে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। তবে পরীক্ষা বাতিলের ব্যাপারে বৃহস্পতিবারের মধ্যেই সিদ্ধান্ত জানানো হবে।” প্রশ্নপত্র ফাঁসের কারণ চিহ্নিত করতে গিয়ে ছাপার কাজের দায়িত্বপ্রাপ্ত ইসলামিক ফাউন্ডেশন ছাপাখানার নিরাপত্তাহীনতা এবং গোপনীয়তা রক্ষায় প্রশ্নপত্র বাঁধাই ও ছাপানোর সঙ্গে যুক্ত খাদ্য বিভাগের কর্মকর্তাদের ব্যর্থতার কথা উল্লেখ করা হয়েছে তদন্ত প্রতিবেদনে। তবে গ্রেপ্তার হওয়া দুই ছাত্র ছাড়া আর কাউকে সরাসরি অভিযুক্ত করেনি তদন্ত কমিটি। খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা বা সংশ্লিষ্ট ছাপাখানার কারো নামও উল্লেখ করা হয়নি। তদন্ত প্রতিবেদনে বলা হয়, প্রশ্নপত্র তৈরির সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ); মুদ্রণ, মোড়কজাত (প্যাকিং) ও বিতরণের কাজে খাদ্য অধিদপ্তরের ১১ জন কর্মকর্তাসহ ইসলামিক ফাউন্ডেশনের ৩৫ জন কর্মকর্তা-কর্মচারী যুক্ত ছিলেন। তবে কে বা কারা প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত, তা নির্দিষ্টভাবে চিহ্নিত করা যায়নি বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে। এ ধরনের তদন্ত ‘জটিল’ বলে উল্লেখ করে কমিটি পুলিশ বা পেশাদার তদন্ত সংস্থার মাধ্যমে বিষয়টি খতিয়ে দেখার সুপারিশ করেছে। খাদ্য সচিব বলেন, তদন্ত কমিটি কারো নাম উল্লেখ না করায় বিভাগীয় কর্মকর্তা বা কর্মচারীদের কারো বিরুদ্ধে আপাতত ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। পুলিশ এ ঘটনায় যে তদন্ত করছে- তাতে নাম এলে কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ২৬ জানুয়ারি সন্ধ্যায় ফাঁস হওয়া প্রশ্নপত্রে ২৭ জানুয়ারি খাদ্য বিভাগের ওই নিয়োগ পরীক্ষা হয়। সহকারী উপ-খাদ্য পরিদর্শকের ৪২৮টি পদের বিপরীতে দুই লাখ ১৮ হাজার এবং নিম্নমান সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিকের ৫০৩টি পদের বিপরীতে ৩০ হাজার প্রার্থী ওই পরীক্ষায় অংশ নেন। পরীক্ষার দিন ঢাকা বিশ্ববিদ্যালয়েল একটি হল থেকে দুই শিক্ষার্থী এবং কুড়িগ্রামে আটজনকে ফাঁস হওয়ার প্রশ্নপত্রসহ গ্রেপ্তার করে পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/১২০৫ ঘ.