মঈনুল হক চৌধুরী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ঢাকা, ফেব্র“য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছবিসহ ভোটার তালিকার হালনাগাদে দেশব্যাপী কার্যক্রম শুরু হচ্ছে আগামী ১০ মার্চ।
প্রধম ধাপে ১৪০টি উপজেলায় শুরু হয়ে শেষ ও চতুর্থ ধাপে ৯২ উপজেলায় বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ চলবে।
বুধবার হালনাগাদ কার্যক্রম সম্পন্ন করতে নির্বাচন কমিশন সচিবালয় ও ভোটার তালিকা প্রকল্পের (পিইআরপি) শীর্ষ কর্মকর্তারা বিভাগীয় কমিশনার, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের নিয়ে সমন্বয় বৈঠক করেন।
বৈঠক শেষে ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র প্রদান প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আখতারুজ্জামান সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
তিনি বলেন, “এবার হালনাগাদের সময় ২০১৪ সালের জানুয়ারিতে যাদের বয়স ১৮ বছর হবে তাদেরও অন্তর্ভুক্ত করা হবে। আমরা তথ্য সংগ্রহ করে রাখব; যতটুকু দরকার হবে ততটুকু ব্যবহার করব।”
তবে ২০১৩ সালের শেষ দিকে নির্বাচন হলে ওই বছরের জানুয়ারি পর্যন্ত যাদের বয়স ১৮ হবে তাদের তথ্য নিয়েই ভোটার তালিকা চূড়ান্ত করা হবে বলে জানান তিনি।
২০০৮ সালে ছবিসহ ভোটার তালিকার পর সর্বশেষ হালনাগাদ হয় নবম সংসদের পর। দশম সংসদ নির্বাচনকে সামনে রেখে এবার চার বছরের তথ্য একসঙ্গে সংগ্রহ হচ্ছে।
জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক আখতারুজ্জান জানান, এ বছর মার্চ, জুন ও অক্টোবরে দেশজুড়ে ১৪০টি করে উপজেলায় এবং আগামী বছর জানুয়ারিতে ৯২টি উপজেলা ও সিটি কর্পোরেশনগুলোয় হালনাগাদে তথ্যসংগ্রহের কাজ শুরু হবে।
বিদায়ী এটিএম শামসুল হুদা নেতৃত্বাধীন ইসি মার্চে হালনাগাদের সিদ্ধান্ত নিলেও নতুন ইসির অধীনে প্রথম কাজ হতে যাচ্ছে এটি।
গত ৯ ফেব্র“য়ারি কাজী রকিবউদ্দিন আহমদের নেতৃত্বে নতুন ইসি হওয়ার পর বৃহস্পতিবার সকাল ১১টায় প্রথম কমিশন সভায় বসছে। এতে ভোটার তালিকা হালনাগাদের বিষয়টি আলোচ্যসূচিতে রয়েছে।
তথ্য সংগ্রহ, ছবি তোলা ও নিবন্ধন
১৮ ও তদুর্ধ্ব বয়সী নতুন ভোটার, বাদপড়াদের অন্তর্ভুক্তি এবং স্থানান্তর, সংশোধন ও মৃতদের বাদ দিয়ে বর্তমান ভোটার তালিকা হালনাগাদ করা হবে।
প্রথম ধাপ: ১৪০ উপজেলায় তথ্যসংগ্রহ ১০ মার্চ শুরু হয়ে চলবে ২০ মার্চ; ছবি তোলা ও নিবন্ধন চলবে ২১ মার্চ থেকে ২১ জুন পর্যন্ত।
দ্বিতীয় ধাপ: ১৯ জুন থেকে ২৮ জুন পর্যন্ত তথ্য সংগ্রহ করে ১৪০ উপজেলায় ছবি তোলা ও নিবন্ধন চলবে ২৯ জুন থেকে ৬ অক্টোবর পর্যন্ত।
তৃতীয় ধাপ: ১ অক্টোবর থেকে ১৩ অক্টোবর তথ্য সংগ্রহ শেষে ১৪ অক্টোবর থেকে আগামী বছরের ২ জানুয়ারি পর্যন্ত ছবি তোলা ও নিবন্ধন চলবে আরো ১৪০ উপজেলায়।
শেষ ও চতুর্থ ধাপ: ৯২টি উপজেলায় তথ্য সংগ্রহ চলবে ২০১৩ সালের ১৮ জানুয়ারি থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত। এখানে ছবি তোলা ও নিবন্ধন চলবে ২৮ জানুয়ারি থেকে ৩০ এপ্রিল পর্যন্ত।
ইসি কর্মকর্তারারা জানান, গতবারের চেয়ে দ্বিগুণ তথা অন্তত ১০ শতাংশ ভোটার নতুন তালিকাভুক্ত হতে পারে। হালনাগাদে ৮৫ লাখ থেকে ৯০ লাখ ভোটার অন্তর্ভুক্ত হতে পারে । ২০০৮ সালের নবম সংসদে ভোটার তালিকায় নাম ছিল আট কোটি ১০ লাখ ৫৮ হাজার ৬৯৮ জনের। ২০০৯ সালে হালনাগাদে ৫ শতাংশ বৃদ্ধি পেয়ে হয় আট কোটি ৫৭ লাখ ৭৪৭ জন। দশম সংসদ নির্বাচনের সময় নয় কোটিরও বেশি ভোটার হবে।
নবম সংসদের প্রথম অধিবেশন শুরু হয় ২০০৯ সালের ২৫ জানুয়ারি।
সংবিধানের পঞ্চদশ সংশোধন অনুযায়ী ২০১৩ সালের ২৫ অক্টোবর থেকে ২০১৪ সালের ২৪ জানুয়ারির মধ্যে দশম সংসদ নির্বাচনের কথা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/২৩৫৩ ঘ.
bdnews24