২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘পদ্মা সেতু নিয়ে সিদ্ধান্ত এক মাসের মধ্যে’

পদ্মা সেতু নির্মাণে মালয়শিয়ার সঙ্গে এই মাসেই সমঝোতা চুক্তি সইয়ের কথা বলে আসা ওবায়দুল কাদের অর্থমন্ত্রীর বক্তব্যের পর দিন বললেন এই কথা। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2012, 05:02 AM

Updated : 24 Aug 2022, 10:47 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝুলে থাকা পদ্মা সেতু নির্মাণ বিশ্বব্যাংকসহ অন্য সংস্থাগুলোর অর্থে হবে, না মালয়শিয়ার বিনিয়োগে হবে- সে বিষয়ক সিদ্ধান্ত আগামী এক মাসের মধ্যে হবে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। পদ্মা সেতু নির্মাণে মালয়শিয়ার সঙ্গে এই মাসেই সমঝোতা চুক্তি সইয়ের কথা বলে আসা কাদের অর্থমন্ত্রীর বক্তব্যের পরদিনই নিজের আগের অবস্থান থেকে সরে গেলেন। মালয়শিয়ার বিশেষ দূত এইচ ই দাতো সেরি এস সামি ভেলুর সফরের পর দেশটির সরকারি সংবাদ সংস্থা বাংলাদেশের সর্ববৃহৎ এই নির্মাণ প্রকল্পে বিনিয়োগের বিষয়ে ২১ ফেব্র“য়ারি সমঝোতা স্মারক সই হবে বলে জানায়। এরপর যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের অন্তত দুটি অনুষ্ঠানে সাংবাদিকদের বলেন, মালয়শিয়ার সঙ্গে সমঝোতা স্মারক সই হবে ২১ ফেব্র“য়ারি। এরমধ্যে মঙ্গলবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, পদ্মা প্রকল্পের অর্থায়ন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এরপর কাদের বুধবার সড়ক ভবনে সাংবাদিকদের বলেন, “এক মাসের মধ্যে পদ্মা সেতুর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।” মালয়শিয়ার সঙ্গে ২১ ফেব্র“য়ারি সমঝোতা স্মারকের কী হল- জানতে চাইলে তিনি বলেন, ওটা মালয়শিয়ার আগ্রহ ছিল। “আমাদের পক্ষ থেকে বলা হয়েছে, হতে পারে। কোনো সুনির্দিষ্ট তারিখ বলা হয়নি,” বলেন কাদের। বিশ্বব্যাংক, না মালয়শিয়া- কাদের নিয়ে পদ্মা সেতু হবে, তা যোগাযোগমন্ত্রী এখন স্পষ্ট না করলেও তার ইঙ্গিত পাল্লাটা মালয়শিয়ার দিকে ভারী। তিনি বলেন, “মালয়শিয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এবং বিষয়টি অগ্রসর হচ্ছে।” এতে বিশ্বব্যাংকের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটবে কি না- প্রশ্ন করা হলে যোগাযোগমন্ত্রী বলেন, “বিশ্বব্যাংকের সঙ্গে আমাদের বহুমুখী সম্পর্ক রয়েছে এবং তা ভবিষ্যতেও থাকবে। আমরা তাদের সঙ্গে বৈরিতায় যাচ্ছি না। তবে বিশ্বব্যাংকের দীর্ঘস্থায়ী প্রক্রিয়া জনগণের স্বপ্নকে আহত করেছে।” অর্থমন্ত্রী আগের দিন সাংবাদিকদের বলেন, পদ্মা সেতু নিয়ে নতুনভাবে ভাবতে চাইলে আগে বিশ্বব্যাংকসহ যাদের সঙ্গে চুক্তি হয়েছে তা বাতিল করতে হবে। সেক্ষেত্রে ওই সংস্থাগুলোর সঙ্গে আলোচনা করতে হবে। ২৯০ কোটি ডলারের ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু প্রকল্পে বিশ্ব ব্যাংক ১২০ কোটি ডলার দেওয়ার জন্য সরকারের সঙ্গে চুক্তি করলেও পরে দুর্নীতির অভিযোগ তুলে অর্থায়ন স্থগিত করে। বিশ্বব্যাংকের পাশাপাশি এডিবি ৬১ কোটি, জাইকা ৪০ কোটি এবং ইসলামী উন্নয়ন ব্যাংক ১৪ কোটি ডলার ঋণ দেওয়ার জন্য সরকারের সঙ্গে চুক্তি করেছে। বিশ্বব্যাংকের এ অভিযোগের তদন্ত করে দুর্নীতি দমন কমিশন বলেছে, পদ্মা সেতু নির্মাণের জন্য প্রাক-যোগ্যতা নির্ধারণী প্রক্রিয়ায় অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি। দুদকের তদন্তে সাবেক যোগাযোগমন্ত্রী আবুল হোসেনের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডাব্লিও/এমআই/১২৫৬ ঘ.