ঢাকা, ফেব্র“য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বইমেলায় গল্প, কবিতা ও উপন্যাসের পাশাপাশি অনুবাদের চাহিদা বাড়ায় এ ধরনের বইয়ের বিক্রিও বেশি বলেই জানান বিক্রেতা ও প্রকাশকরা।
অবসর প্রকাশনীর বিক্রয় প্রতিনিধি মাসুদ রানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অনুবাদের পাঠক গত বছরগুলোর তুলনায় অনেক বেড়েছে। গল্প, কবিতা, উপন্যাস অনেকেই কিনলেও অনুবাদেও আগ্রহ কম নয় তাদের।”
তিনি জানান, ক্ষুদে পাঠকদের বিশ্ব সাহিত্যের সঙ্গে পরিচিত করার লক্ষ্যে এবছর হায়ৎ মামুদের অনুবাদে শেক্সপিয়রের লেখা ১২টি বই এনেছে অবসর প্রকাশনী।
অনুবাদ বইয়ের চাহিদা প্রসঙ্গে প্রকাশনা সংস্থা ঐতিহ্য’র প্রতিনিধি মিছিল খন্দকার বলেন, “অন্যান্য বইগুলোর পাশাপাশি এবছর অনুবাদের বইগুলোও বেশ ভালো মাত্রায় পাঠকের মনোযোগ আকর্ষণ করেছে।”
ঐতিহ্য এবারের বইমেলায় এখন পর্যন্ত বিশ্ব সাহিত্যের ১২টি বইয়ের অনুবাদ প্রকাশ করেছে বলে জানান তিনি।
এগুলোর মধ্যে হাসান খুরশীদ রুমি ও বিধান রিবেরু অনূদিত ‘গ্রীক লিজেন্ড’, জাভেদ হুসেন অনূদিত ‘মনসুর হাল্লাজের কবিতা’, আদনান হাবিব অনূদিত ‘দ্য রেড লাভ’, শেখ আব্দুল হাকিম অনূদিত ‘কেড’-এর বিক্রি বেশ ভালো বলে জানান তিনি।
এদিকে উপচেপড়া ভিড় দেখা যায় সেবা প্রকাশনীর স্টলে।
স্টলের বিক্রয় প্রতিনিধি মো. বাবলু হোসেন বলেন, “আমাদের নিয়মিত সিরিজিগুলোর পাশাপাশি অনুবাদগুলো বেশ সাড়া ফেলেছে। মূলত কিশোর পাঠকরাই এ সব বই বেশি সংগ্রহ করছেন। তবে বড়দের উপস্থিতিও বেশ ভালো।”
রাফায়েল সাবাতিনির ‘লস্ট কিং’, মার্ক টোয়েনের ‘গোয়েন্দা টম সয়্যার’, ‘নভোচারী টম সয়্যার’, ‘হাকলবেরি ফিন’, চার্লস ডিকেন্সের ‘নিকোলাস নিকোলবি’ ‘দ্যা পিকউইক পেকার্স’, ডানিয়েল ডিফোর ‘রবিনসন ক্রুসো’, জ্যাক লন্ডনের ‘সী উলফ’, ‘হোয়াইট ফ্যাং’, টমাস হার্ডির ‘দ্য মেয়র অব ক্যাস্টারব্রিজ’ অনুবাদগুলো বেশ চলছে বলে জানান তিনি।
ক্রেতাদের ভিড় সামলাতে ব্যস্ত বিশ্বসাহিত্য কেন্দ্রের কলেজ সংগঠক মাসুদ বিন আব্দুর রাজ্জাক জানান, বিশ্বসাহিত্য কেন্দ্র এবছর মেলায় পাঠকদের জন্য মোট ২২টি নতুন বই এনেছে। এগুলোর বেশিরভাগই অনুবাদ।
অন্যান্য বইয়ের সঙ্গে অনুবাদের বইও ব্যাগ ভর্তি করে অনেকেই বাসায় ফিরছেন বলে জানান তিনি।
বিশ্বসাহিত্য কেন্দ্রের চিরায়ত গ্রন্থমালা সিরিজের মধ্যে নিকোলাই গোগল, এডগার অ্যালান পো, জেমস জয়েস, ডি এইচ লরেন্স, মার্ক টোয়েন, জ্যাক লন্ডন, ফ্রানৎয কাফকাসহ বিশ্ব সাহিত্যের অন্যান্য লেখকদের সংকলনগুলোর চাহিদা সবচেয়ে বেশি বলে জানান মাসুদ।
অংকুর প্রকাশনীর স্টলের দায়িত্বে থাকা সাইম হাসান আপন জানান, তারা মূলত বিশ্বের বিভিন্ন উল্লেখযোগ্য ব্যক্তিত্বের জীবনীর অনুবাদ প্রকাশ করেন।
এবার অং সান সু চির ‘দ্যা ভয়েস অব হোপ’, বিল ক্লিনটনের ‘মাই লাইফ’, বেনজির ভুট্টোর ‘ডটার অব দ্য ইস্ট’ বইমেলায় আনা হয়েছে জানিয়ে তিনি বলেন, এগুলোর প্রতি পাঠকের চাহিদা অনেক।
এছাড়া পাঠকদের জন্য নেলসন ম্যান্ডেলার ‘কনভারসেশন উইথ মাইসেলফ’ ও টনি ব্লেয়ারের ‘অ্যা জার্নি’ কয়েকদিনের মধ্যেই মেলায় আসছে বলে জানান তিনি।
বুধবারের বই
অমর একুশে বইমেলার পঞ্চদশতম দিন মোট ১০৩টি বই প্রকাশিত হয়েছে। এর মধ্যে গল্প ১২টি, উপন্যাস ১৫টি, প্রবন্ধ ২টি, কবিতা ২৫টি, গবেষণা ১টি, ছড়া ২টি, শিশুতোষ ৫টি, জীবনী ৫টি, মুক্তিযুদ্ধভিত্তিক ৪টি, নাটক ১টি, বিজ্ঞান ৩টি, ভ্রমণ ৩টি, ইতিহাস ৫টি, রম্যরচনা ১টি, ধর্মীয় ২টি, অনুবাদ ১টি, বৈজ্ঞানিক কল্পকাহিনী ১টি এবং অন্যান্য ১৫টি।
এর মধ্যে উল্লেখযোগ্য বইয়ের তালিকায় রয়েছে মূর্ধন্য থেকে প্রকাশিত প্রয়াত মৃদুলকান্তি চক্রবর্তীর ‘রবীন্দ্রনাথ: পূর্ববঙ্গে লেখা গান’, হায়াৎ সাইফের ‘রবীন্দ্রনাথ: ‘গীতাঞ্জলি’, মাহমুদ আল জামানের ‘রবীন্দ্রনাথ: ‘চিত্রকর’, সময় প্রকাশন থেকে আব্দুল্ল¬াহ আবু সাঈদের স্মৃতিকথামূলক বই ‘অন্তরঙ্গ আলাপ’, সময় প্রকাশন থেকে আসাদ চৌধুরীর কবিতাগ্রন্থ ‘যেতে যেতে মধ্যযুগ ঘুরে দাঁড়িয়েছে’, কাকলী প্রকাশনী থেকে হুমায়ূন আহমেদের উপন্যাস ‘দাঁড়কাকের সংসার কিংবা মাঝে মাঝে তব দেখা পাই’, জনতা প্রকাশ থেকে সৈয়দ শামসুল হকের গল্পের বই ‘নৌকোর গল্প’ ইত্যাদি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এএইচ/পিডি/১৯৫০ ঘ.
bdnews24