ঝিনাইদহ, ফেব্র“য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহের শৈলকুপা উপজেলার পদমদী গ্রামে র্যাবের গুলিতে গণবাহিনীর এক কমান্ডার নিহত হয়েছেন। ওই সময় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার রাতে নিহত মো. তোতা ওরফে আলিম (৪০) কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ঝাউদিয়া গ্রামের বাসিন্দা।
র্যাব-১২ কুষ্টিয়া কোম্পানি কমান্ডার মেজর মাহফুজুল হক জানান, তোতা চরমপন্থী সংগঠন গণবাহিনীর ক্যাডার ছিলেন। এ কারণে তার বাবা ১০-১২ বছর আগে ত্যাজ্য করেন। এরপর বাড়ির সঙ্গে তার সম্পর্ক ছিল না। তিনি ঝিনাইদহ এলাকায় থাকতেন।
“আলিম গণবাহিনীর শীর্ষ কমান্ডার ভারতে পলাতক কালুর সেকেন্ড ইন কমান্ডার ছিলেন। কুষ্টিয়া, ঝিনাইদহ ও চুয়াডাঙ্গায় কালুর হয়ে দল চালাতেন,” বলেন র্যাব কর্মকর্তা।
মেজর মাহফুজুল হক আরো বলেন, রাত সাড়ে ৮টার দিকে পদমদী গ্রামে মতিয়ার রহমানের বাড়িতে অভিযানের চালায় র্যাব। ওই আলিম ভাত খাচ্ছিলেন।
র্যাবকে দেখে তিনি নিজের কাছে থাকা পিস্তল থেকে গুলি করতে উদ্যত হলে র্যাবের গুলিতে নিহত হন। এ সময় মতিয়ারকে গ্রেপ্তার করা হয়। অন্যরা পালিয়ে যায়।
ঘটনাস্থল থেকে একটি নাইন এমএম পিস্তল, দু’টি শটগান, একটি ওয়ান শুটার গান, দু’টি বোমা, ১৫ রাউন্ড গুলি ও আটটি কার্তুজ উদ্ধার করা হয়।
গ্রেপ্তার মতিয়ার রহমান র্যাবকে জানান, ওইদিন সন্ধ্যায় ৭-৮ জন অন্ত্রধারী তার বাড়িতে এসে আশ্রয় নেয়। তখন তিনি বাড়ি ছিলেন না। তার স্ত্রী ভয়ে তাদের থাকতে দেন। তারা চাল ডাল কিনে দিলে তিনি রান্না করে দিতে বাধ্য হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৯৫৭ ঘ.
bdnews24