চট্টগ্রাম, ফেব্র“য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সীতাকুণ্ডে গাড়ি ভাংচুরের ঘটনায় করা একটি মামলায় হাজিরা দিতে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার সালাউদ্দিন কাদের চৌধুরীকে চট্টগ্রামে আনা হয়েছে।
সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে ঢাকা থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আনা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান কারারক্ষক মাহবুবুল আলম।
মঙ্গলবার চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আবদুল কুদ্দুস মিয়ার আদালতে মামলাটির শুনানির দিন রয়েছে।
২০১০ সালের ৭ নভেম্বর সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ও ছলিমপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুটি আলাদা স্থান অবরোধ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিনের অনুসারীরা একটি লরি, একটি কাভার্ড ভ্যান ও একটি ট্রাকে ভাংচুর চালায়। ওই ঘটনায় পুলিশ চার জনকে গ্রেপ্তার করে।
সালাউদ্দিন কাদের চৌধুরীকে ‘কথিত’ হয়রানির প্রতিবাদে তার সমর্থকরা এ ভাংচুর চালায় বলে পুলিশ জানিয়েছিল।
এ ঘটনায় পুলিশ বাদি হয়ে পরদিন দুটি মামলা করে। বিশেষ ক্ষমতা আইনে করা মামলা দুটিতে সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলার জন্য নাশকতা সৃষ্টির অভিযোগ আনা হয় বিএনপির এই নেতার বিরুদ্ধে।
এই মামলায় সালাউদ্দিন কাদেরের জামিনের আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন তার আইনজীবী ও সাবেক জেলা পিপি এনামুল হক।
গত ৬ ফেব্র“য়ারি ছলিমপুরের মামলায় সালাউদ্দিন কাদের চৌধুরীকে আদালত জামিন দেয়। আগামী ৭ মার্চ এ মামলায় সাকা চৌধুরীরর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির কথা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএম/এমআই/১০৫৫ ঘ.
bdnews24