পঞ্চগড়, ফেব্র“য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্র পেটানোর অভিযোগে পঞ্চগড়ের আটোয়ারির বর্ষালুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম নজমুল ইসলাম হায়দারকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
সোমবার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার (ডিপিইও) জুলফিকার হারুন এ আদেশ দেন।
ডিপিইও কার্যালয় থেকে জানা যায়, ওই শিক্ষক গত বৃহস্পতিবার চতুর্থ শ্রেণীর ছাত্র রাজিব ইসলামকে বেধড়ক মারধর করেছেন। এরপর তদন্তে মারধরের সত্যতা পাওয়া যায়।
ডিপিইও জুলফিকার হারুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আরো বিস্তারিত তদন্ত করে বিভাগীয় মামলাসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
নিয়মকানুন মেনেই শিক্ষার্থীদের পড়াশোনা করাতে হবে বলে মন্তব্য করেন তিনি।
শিক্ষার্থীদের মারধরসহ বেশ কয়েক ধরনের শাস্তিদান নিষিদ্ধ করেছে সরকার।
অভিযুক্ত প্রধান শিক্ষক একেএম নজমুল ইসলাম হায়দার বলেন, “সামিয়কভাবে বরখাস্তের আদেশ পেয়েছি। তবে, ঘটনা সম্পর্কে তৈরি করা প্রতিবেদন সম্পর্কে কিছু জানানো হয়নি।”
অভিযুক্ত শিক্ষকের শাস্তি হয়েছে শুনে রাজিবের মা রুপবান বেগম বলেন, “স্যার তার কৃতকর্মের শাস্তি পেয়েছেন। এরকম হলে কেউ অযথা ছেলেমেয়েদের মারপিট করার সাহস পাবে না।”
ছাত্রটির পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার দুপুরে ক্লাস শেষে বিদ্যালয়টির চতুর্থ শ্রেণীর ছাত্র রাজিব ও তার বন্ধু দেলোয়ার হোসেন বিদ্যালয়ের মাঠে খেলছিল।
এ সময় প্রধান শিক্ষক নজমুল তার কক্ষে তাদের ডেকে নিয়ে আকস্মিকভাবে বাঁশের কঞ্চি দিয়ে বেধড়ক মারধর করেন। প্রাণভয়ে রাজিব দৌড় দিলে প্রধান শিক্ষকও তার পিছু নিয়ে মারতে থাকেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/২১১৭ ঘ.
bdnews24