ঢাকা, ফেব্র“য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাষ্ট্র নিয়ন্ত্রিত (পাবলিক) সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অবসরের বয়সসীমা ৬৫ বছর করার একটি প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার মন্ত্রিসভার বৈঠকে ‘পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক (অবসর গ্রহণ) (বিশেষ বিধান) আইন, ২০১২-এর খসড়া উপস্থাপন করা হলে এতে নীতিগত অনুমোদন দিয়ে ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ওই বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভুঁইঞা সাংবাদিকদের এ বিষয়ে বিস্তারিত জানান।
তিনি বলেন, দেশে বর্তমানের ৩৪টি সরকার নিয়ন্ত্রিত বিশ্ববিদ্যালয় রয়েছে। এর মধ্যে মাত্র চারটি (ঢাকা, জাহাঙ্গীরনগর, রাজশাহী ও চট্টগ্রাম) বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অবসরের বয়সসীমা ৬৫ বছর। বাকি ৩০টি বিশ্ববিদ্যালয়ে এই সীমা ৬০ বছর।
“এ বৈষম্য দূর করে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের চাকরির বয়সে সামঞ্জস্য আনতেই একটি সমন্বিত আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে সকল বিশ্ববিদ্যালয়ের অবসর নেওয়ার বয়স ৬৫ হবে।”
আইন মন্ত্রণালয় প্রয়োজনীয় সংযোজন ও সংশোধন করে মতামতসহ খসড়াটি ফেরত পাঠালে তা মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। এরপর পাস করার জন্য তোলা হবে জাতীয় সংসদে।
মন্ত্রিসভার বৈঠকে গত তিন বছরে দেশের বিদ্যুৎ পরিস্থিতি সম্পর্কে একটি চিত্রও উপস্থাপন করা হয়।
এতে বলা হয়, গত তিন বছরে দেশে বিদ্যুতের সঞ্চালন ও ব্যবস্থাপনা ঘাটতি (সিস্টেম লস) ১৩ দশমিক ২২ শতাংশ কমেছে। এতে দেশে বর্তমানে সিস্টেম লসের পরিমাণ দাঁড়িয়েছে ১৫ দশমিক ২১ শতাংশে।
সভায় জানানো হয়, দেশে বর্তমানে ৫৬ হাজার প্রিপেইড মিটার ব্যবহার করা হচ্ছে। আরো প্রায় দুই লাখ প্রিপেইড মিটার সংযোগ দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। অল্প সময়ের মধ্যে এসব প্রিপেইড মিটারের সংযোগ দেওয়া সম্ভব হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/১৫৩৪ ঘ.
bdnews24