রাজশাহী, ১২ ফেব্র“য়ারি ২০১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী মহানগরীতে একটি চোর চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার নগরীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এরা কোনো বাড়িতে চুরির পর সেবাড়িতেই আগুন ধরিয়ে দেয়। নগরীতে এরা চিকন চোর বলে পরিচিত।
গত আট মাসে রাজশহী নগরীতে এমন ৩৭টি চুরির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় নগরীর চার থানায় ১৪টি মামলা করা হয়েছে বলেও পুলিশ জানিয়েছে।
গ্রেপ্তার হয়েছেন দলনেতা বাচ্চু (৩২), সজিব (১৮), আব্দুল ওরফে বোয়াল, কাজলা এলাকার চিকন পলাশ (১৮) ও চিকন রনি।
বোয়ালিয়া মডেল থানার ওসি মো. শাহরিয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত কয়েক মাস চেষ্টা করেও ‘চিকন চোর’ বলে পরিচিত এ চক্রের কাউকে গ্রেপ্তার করা যায়নি।
এরা বাড়ির ভেন্টিলেটর ভেঙে ভেতরে ঢুকে চুরি করে। পর পালিয়ে যাওয়ার সময় ওই বাড়িতে আগুন লাগিয়ে দেয়।
এ নিয়ে গত জানুয়ারিতে বেশ কয়েকবার বৈঠকও করে রাজশাহী মহানগর পুলিশ। কিন্তু চোরের হদিস মিলছিল না।
বোয়ালিয়া মডেল থানার এসআই মাহবুব হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার ভোরে নগরীর উপকন্ঠ কাটাখালি এলাকা থেকে চিকন চোর দলের সদস্য সজিবকে গ্রেপ্তার করা হয়।
তার দেওয়া তথ্যমতে বিকালে বাকিদের গ্রেপ্তার করা হয়।
এসআই মাহবুব আরো বলেন, এই চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তার এবং চুরি হওয়া মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/২১০০ ঘ.
bdnews24