২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাগর-রুনি হত্যা মামলা হয়নি, তদন্তেও অগ্রগতি নেই

সাংবাদিক দম্পতি হত্যাকাণ্ডের পর ৩০ ঘণ্টার বেশি সময় পেরিয়ে গেলেও রোববার দুপুর পর্যন্ত কোনো মামলা হয়নি। পুলিশ ও র‌্যাবের গোয়েন্দারা তদন্ত চালালেও গ্রেপ্তার করা হয়নি কাউকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2012, 09:25 AM

Updated : 24 Aug 2022, 10:46 AM

লিটন হায়দার ও আবু সুফিয়ান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, ফেব্র“য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন নাহার রুনি হত্যাকাণ্ডের পর ৩০ ঘণ্টার বেশি সময় পেরিয়ে গেলেও রোববার দুপুর পর্যন্ত কোনো মামলা হয়নি। পুলিশ ও র‌্যাবের গোয়েন্দারা তদন্ত চালালেও গ্রেপ্তার করা হয়নি কাউকে। এ মামলার অগ্রগতি জানতে চাইলে শেরেবাংলা নগর থানার ওসি জাকির হোসেন রোববার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুই পরিবারের সদস্যদের কাছে মামলা করার অনুরোধ করা হয়েছে। কিন্তু দুপুর পর্যন্ত তাদের কেউ এ ব্যাপারে যোগাযোগ করেননি।” ওই হত্যা রহস্যের কিনারা করতে তদন্ত চলছে জানিয়ে গোয়েন্দা পুলিশের উপ কমিশনার মাহবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টফোর ডটকমকে বলেন, “সর্বাত্মক চেষ্টা চলছে। তবে এখন পর্যন্ত সে ধরনের কোনো অগ্রগতি হয়নি।” শুক্রবার গভীর রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজেদের ভাড়া বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর এবং তার স্ত্রী এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক রুনি। শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ৪৮ ঘণ্টার মধ্যে খুনীদের গ্রেপ্তারের নির্দেশ দেন। ওসি জাকির হোসেন বলেন, দুই পরিবারের সদস্যদর সঙ্গে রোববারও কথা হয়েছে। তাদের কাছ থেকে সাগর-রুনির বন্ধু-বান্ধবদের সম্পর্কেও জানার চেষ্টা করা হচ্ছে। সাগর ও রুনির মোবাইল ফোন নিয়েও কাজ চলছে বলে জানান ওসি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “এ হত্যাকাণ্ড কি কারণে ঘটেছে, কারা ঘটিয়েছে- সে বিষয়ে স্পষ্ট কিছু বলার সময় এখনো আসেনি।” র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক এম সোহায়েল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তাদের একাধিক দল এ ঘটনার তদন্তে কাজ করছে। “তবে উল্লেখ করার মতো কিছু পাওয়া যায়নি’, বলেন তিনি। ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার মারুফ হাসান, তেজগাঁও জোনের উপ কমিশনার ইমাম হাসান এবং গোয়েন্দা পুলিশের উপ কমিশনার মাহবুবুর রহমান রোববার সকালে ঘটনাস্থলে যান। মারুফ হাসান পরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তদন্ত চলছে। যারা জড়িত তাদের গ্রেপ্তারেরও চেষ্টা চলছে। আশা করি, অল্প সময়ের মধ্যেই তাদের, গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা যাবে।” দুপরে সচিবালয়ে এক বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনও একই কথা বলেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “যেভাবেই হোক ৪৮ ঘণ্টার মধ্যে ঘটনার হোতাকে ধরা হবে। আশা করি, তাদের ধরা পড়তেই হবে”, বলেন সাহারা। ঘটনার পর প্রাথমিক তদন্তের পর র‌্যাবের গোয়েন্দারা জানিয়েছিলেন, ওই হত্যাকাণ্ড পরিকল্পিত এবং খুনিরা নিহতদের পরিচিত বলেই ধারণা করছেন তারা। এছাড়া লাশের ময়নাতদন্তকারী চিকিৎসক বলেছেন, আঘাতের ধরন দেখে তার মনে হয়েছে হত্যাকারীরা অপেশাদার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএসটি/আরএ/জেকে/১৫১৫ ঘ.