২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচার বানচালের চেষ্টাকারীরও বিচার হবে: সাহারা

যুদ্ধাপরাধের বিচার বানচালের চেষ্টা করলে তাদেরও বিচার হবে বলে হুঁশিয়ার করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2012, 02:47 PM

Updated : 24 Aug 2022, 10:45 AM

গাজীপুর, ফেব্রুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধের বিচার বানচালের চেষ্টা করলে তাদেরও বিচার হবে বলে হুঁশিয়ার করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। শুক্রবার গাজীপুরের শ্রীপুরে এক অনুষ্ঠানে তিনি বলেন, যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়ার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রই সফল হবে না। এটা নিয়ে ষড়যন্ত্র চলছে এবং চলবে। “স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নয়, আমি একজন সাধারণ মানুষ হিসেবে বলছি যুদ্ধাপরাধীর বিচার এই বাংলার মাটিতে অবশ্যই হতে হবে। “যারা এটা বানচাল করতে চাইবে তাদেরও বিচার করা হবে,” বলেন সাহারা খাতুন। মন্ত্রীর নানার বাড়ি এলাকা প্রহলাদপুর ইউনিয়নের কদমা গ্রামে বায়তুল্লাহ জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন। স্থানীয় মো. ইসরাফিলের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রহলাদপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি-নূরুল হক আকন্দ, উপজেলা চেয়ারম্যান ইকবাল হোসেন সবুজ প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মো. নূরুল ইসলাম, পুলিশ সুপার মো. আব্দুল বাতেন, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মো. হাবিবুর রহমান, স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৪২ ঘ.