২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ববিদ্যালয়ে সার্টিফিকেট বাণিজ্য চলছে: সুরঞ্জিত

দেশে যত্রতত্র মানহীন বেসরকারি বিশ্ববিদ্যালয় গড়ে উঠে সার্টিফিকেট বাণিজ্য চলছে বলে মন্তব্য করেছেন রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2012, 02:27 PM

Updated : 24 Aug 2022, 10:45 AM

সিলেট, ফেব্রুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে যত্রতত্র মানহীন বেসরকারি বিশ্ববিদ্যালয় গড়ে উঠে সার্টিফিকেট বাণিজ্য চলছে বলে মন্তব্য করেছেন রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত। শুক্রবার বিকালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আয়োজিত পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনদিনের এ অনুষ্ঠান শুরু হয় বৃহস্পতিবার। চলবে শনিবার পর্যন্ত। সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, “দেশে যত্রতত্র বেসরকারি বিশ্ববিদ্যালয় গড়ে উঠছে। কিন্তু মানসম্পন্ন শিক্ষার ব্যবস্থা নেই এসব প্রতিষ্ঠানে। এসব বিশ্ববিদ্যলয়ে সার্টিফিকেট বাণিজ্য করা হয়।” দেশের জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করতে আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা ব্যবস্থার উপর গুরুত্বারোপ করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের তুলনা করে রেলমন্ত্রী বলেন, “ঢাকাকে প্রাচ্যের অক্সফোর্ড বলা হতো, এখনও বলা হয়। তবে ২০ বছর পেরোনো শাহজালাল বিশ্ববিদ্যালয় অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে সবচেয়ে আধুনিক।” বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের উদ্দেশ রেলমন্ত্রী বলেন, সারাদেশেই ষড়যন্ত্র হচ্ছে। সর্বশেষ বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করতে একটি চক্র উঠেপড়ে লেগেছিল, কিন্তু তারা সফল হতে পারেনি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. সালেহ উদ্দিনের সভাপতিত্বে ও প্রাক্তন শিক্ষার্থী নাসিম সাঈদীর পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, শাবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইলিয়াম উদ্দিন বিশ্বাস, পুনর্মিলনী কমিটির সদস্য সচিব সুশান্ত দাসগুপ্ত, অর্থনীতি বিভাগের প্রাক্তন শিক্ষার্থী ফরিদ আলম প্রমুখ। পরে রাত ৮টায় বিশ্ববিদ্যালয় মুক্তমঞ্চে নগর বাউল জেমস এবং বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন রিম ও নোঙরের পরিবশেনায় বর্ণাঢ্য কনসার্ট অনুষ্ঠিত হয়। এর আগে সকালে উপাচার্যের নেতৃত্বে ক্যাম্পাসে একটি শোভাযাত্রা বের করা হয়। এদিকে বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন শাহজালাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি, শিকড়, থিয়েটার সাস্ট, কার্টুন ফ্যাক্টরি ও দিক থিয়েটার’র আয়োজনে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রথম আলো জবসের উদ্যোগে শুক্রবার থেকে শুরু হয়েছে জব ফেয়ার। এছাড়াও সাংস্কৃতিক সংগঠন কিন এর উদ্যোগে অনুষ্ঠিত হয় রক্তদান কর্মসূচি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০১৬ ঘ.