মুন্সীগঞ্জ, ফেব্র“য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক স্বদেশিকে হত্যার অপরাধে কুয়েতে দণ্ডপ্রাপ্ত তিন বাংলাদেশির শিরোচ্ছেদ ঠেকাতে ক্ষমাপত্রে পুনরায় সই করেছেন নিহতের পরিবারের সদস্যরা।
বৃহস্পতিবার বিকালে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে নিহত মহিদুলের ছেলে মুজিবর রহমান, মেয়ে নাজনীন বেগম এবং তিন ভাই রাজা মিয়া, চাঁন মিয়া ও হাবিবুর রহমান ক্ষমাপত্রে সই করেন বলে জানান মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মো. আজিজুল আলম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি রক্ষায় এই শিরোচ্ছেদ ঠেকানোর উদ্যোগ নেওয়া হয়।”
সিঙ্গাইর উপজেলার সায়েস্তা ইউনিয়নের পূর্ব বান্ধাইল গ্রামের মহিদুল ২০১০ সালের ১৬ এপ্রিল কুয়েতে খুন হন। এ ঘটনায় তিন বাংলাদেশিকে মৃত্যুদণ্ড হয়।
এরা হলেন, শ্রীনগর উপজেলার বাগবাড়ী বিবন্ধী গ্রামের নুরু ঢালীর দুই ছেলে ইকবাল ঢালী (২৫) ও হৃদয় ঢালী (২৩) এবং কুমিল্লার তিতাস উপজেলার দক্ষিণ বলরামপুর গ্রামের রবিউলের ছেলে মো. রমজান।
২১ লাখ টাকা ব্লাডমানির বিনিময়ে এই তিন জনের শিরোচ্ছে ঠেকাতে এর আগে গত ৩০ জানুয়ারি একটি ক্ষমাপত্রে সই করে মহিদুলের পরিবারের সদস্যরা। কুয়েতের আইনে নিহতের পরিবার ক্ষমা করলে দণ্ড মওকুফের বিধান রয়েছে।
কিন্তু ৩০ জানুয়ারি করা ক্ষমাপত্রটি আইনসম্মত না হওয়ায় কুয়েত কর্তৃপক্ষ সেটি ফিরিয়ে দেয় জানিয়ে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর পরিচালক (কল্যাণ) মহসিন চৌধুরী বলেন, এবার এক কুয়েতি আইনজীবীকে দিয়ে ক্ষমাপত্রটি তৈরি করা হয়।
স্বাক্ষরিত এ দলিল কুয়েতেই আরবিতে অনুবাদ করা হবে বলে জানান তিনি।
এই কর্মকর্তা বলেন, এই দলিল হাতে পৌঁছার পর নোটরী পাবলিকে তা এফিডেভিড করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে কুয়েতে পাঠানো হবে। সোমবারের মধ্যেই সেটি কুয়েতে পৌঁছাবে বলে আশা করছি।
সিঙ্গাইরের ইউএনও নাসরিন সুলতানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মহিদুলের পাঁচ উত্তরসূরি ১৫০ টাকার দুই পৃষ্ঠার ননজুডিশিয়্যাল স্ট্যাম্পের এই ক্ষমাপত্রে সই করেছেন।
এতে সাক্ষী হিসেবে স্থানীয় সায়েস্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন খান সই করেন বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এএইচ/২২৫১ ঘ.
bdnews24