২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে গৃহকর্ত্রী খুন

রাজধানীতে এক গৃহকর্ত্রী খুন হয়েছেন। বুধবার রাতে তার শয়নকক্ষ থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2012, 07:10 PM

Updated : 24 Aug 2022, 10:44 AM

ঢাকা, ফেব্র“য়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে এক গৃহকর্ত্রী খুন হয়েছেন। বুধবার রাতে তার শয়নকক্ষ থেকে লাশ উদ্ধার করে পুলিশ। নিহত শামীম আরা বেগম (৫৩) তেজগাঁও শাহীনবাগের ৫৬৪/২ নম্বর বাড়ির দোতালার বাসিন্দা ছিলেন। স্বামী আসাদুজ্জামান (৬২) ও একমাত্র ছেলেকে নিয়ে বাসায় থাকতেন তিনি। তেজগাঁও থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আকরাম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাড়ে ৯টায় বাবা ও ছেলে কর্মস্থলের উদ্দেশ্যে গাড়ি নিয়ে বাসা থেকে বের হন। তাদের পৌঁছে দিয়ে বেলা সাড়ে ১২টার দিকে গাড়িচালক বাসায় এসে ডাকাডাকি করে কাউকে না পেয়ে চলে যান। দারোয়ানকে দোকানে যাওয়ার কথা বলে দুপুর আড়াইটার দিকে ওই বাসার গৃহপরিচারিকা পারভীন (৩২) বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি জানিয়ে তিনি বলেন, “সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আসাদুজ্জামান বাসায় ফিরে দেখেন বাইরে থেকে ঘরে ছিটকিনি লাগানো। ছিটকিনি খুলে ভেতরে ঢুকে দেখেন শয়নকক্ষের বিছানায় তার স্ত্রী অচেতন হয়ে পড়ে আছে। পরে নাড়ানাড়ি করে তার মৃত্যুর ব্যাপারে নিশ্চিত হন।” তিনি জানান, ঘরের আলমারির তালা ভাঙা এবং ভেতরের জিনিসপত্র তছনছ অবস্থায় দেখা যায়। এই আলমারির ড্রয়ারে নগদ ২৫ হাজার টাকা ছিল যা পরে পাওয়া যায়নি। ওই গৃহপরিচারিকার খোঁজে পুলিশ মাঠে নেমেছে জানিয়ে আকরাম হোসেন বলেন, “তাকে পাওয়া গেলেই মৃত্যুর কারণ জানা যাবে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কেটি/এএইচ/১৩০৮ ঘ.